খিদের কষ্ট নিয়ে ঘুমায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যঁাতসেঁতে কক্ষে ঢুকলেই নাকে লাগে দুর্গন্ধ। ঘোরে না পাখা। ছাত্রাবাসে এমন অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে দীঘিনালার কাঁঠালতলী আবাসিক  বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী l প্রথম আলো
স্যঁাতসেঁতে কক্ষে ঢুকলেই নাকে লাগে দুর্গন্ধ। ঘোরে না পাখা। ছাত্রাবাসে এমন অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে দীঘিনালার কাঁঠালতলী আবাসিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী l প্রথম আলো

পঞ্চম শ্রেণির ছাত্র হিমেল চাকমাকে রাতের খাবার খেতে হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। রাত ১০টায় ঘুমানোর আগেই খিদে লাগে তার। কিন্তু নিরুপায় হিমেলকে খিদের কষ্ট নিয়েই ঘুমাতে যেতে হয়।
খাগড়াছড়ির দীঘিনালার কাঁঠালতলী আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে থাকে হিমেল। তার মতো বিদ্যালয়ের এক শ আবাসিক শিক্ষার্থীকে এমন খিদের কষ্ট নিয়ে থাকতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। সকাল সাড়ে ছয়টায় শুকনো বন রুটি বা কেকের সঙ্গে মেলে কলা আর দুপুরে ও রাতে ভাত। তবে এক শ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত খাবার রান্না হয় না বলে ছাত্রাবাসের রাঁধুনি অভিযোগ করেছেন।
শিক্ষার্থীদের বসবাসের পরিবেশও চরম অস্বাস্থ্যকর। ছাত্রাবাসের কক্ষে বৈদ্যুতিক পাখা থাকলেও নেই বিদ্যুৎ–সংযোগ। অপরিচ্ছন্ন শৌচাগারের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠলেও পরিষ্কার করা হয় না। গোসল করতে যেতে হয় পাহাড়ের নিচে অবস্থিত টিউবওয়েল। শিক্ষার্থীদের খাবার পানিও আনতে হয় সেখান থেকে। নেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
দীঘিনালার কাঁঠালতলী এলাকায় পাহাড়ের ওপর কাঁঠালতলী আবাসিক বিদ্যালয় ভবনের পাশেই টিনের ছাউনি দেওয়া পাঁচটি পাকা ভবন। সেসব ভবনে স্থান হয়েছে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার দরিদ্র পরিবার থেকে আসা এক শ শিক্ষার্থীর। সম্প্রতি ছাত্রাবাসটিতে গেলে অব্যবস্থার এসব চিত্র চোখে পড়ে। ছাত্রাবাসে ঢোকার মুখেই দুর্গন্ধে গা গুলিয়ে আসে। স্যাঁতসেঁতে কক্ষে গরমের মধ্যে থাকতে হয় শিক্ষার্থীদের। প্রত্যেকের চেহারার মধ্যেই অপুষ্টির ছাপ। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি চাকমা। তিনি ছাড়া দুজন রাঁধুনি, একজন দারোয়ান ও একজন ঝাড়ুদার আছেন ছাত্রাবাস দেখাশোনার দায়িত্বে। তত্ত্বাবধায়কের কক্ষে বৈদ্যুতিক পাখা চললেও শিক্ষার্থীদের কক্ষে চলে না। কেন শিক্ষার্থীদের কক্ষের পাখায় বিদ্যুৎ–সংযোগ নেই, তাও বলতে পারেননি তত্ত্বাবধায়ক। তিনি জানান, ছাত্রাবাসের সব খরচই বহন করে জেলা পরিষদ। তবে প্রতি মাসে কত টাকা বরাদ্দ দেওয়া হয়, তা জানেন না তিনি। একজন ঠিকাদার প্রতিদিন বাজার করে পাঠান ছাত্রাবাসের জন্য।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিশাল চাকমা, সুসাংসিং মারমা ও মিরন ত্রিপুরা জানায়, সকাল সাড়ে ছয়টায় নাশতা, বেলা দেড়টায় ভাত, আবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাতের খাবার দেওয়া হয়। রাতে প্রায় সব শিক্ষার্থীর খিদে লাগে। তবে আর কোনো খাবার মেলে না। এমনকি জাতীয় দিবস ও বিশেষ উৎসবেও মেলে না ভালো খাবার। গরমে ও ছারপোকার কামড়ে ঘুমাতে কষ্ট হয় বলে জানায় তারা। তা ছাড়া বৃষ্টি হলে কক্ষে পানি পড়ে। বিদ্যালয়ে মোটর থাকলেও শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে পাহাড়ের নিচ থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। মাসে মাত্র একটি ছোট গায়ের সাবান আর কাপড় ধোয়ার সাবান পায় তারা। নেই চুল কাটানোর ব্যবস্থাও।
বিদ্যালয়ের প্রধান বাবুর্চি মো. সেলিম তালুকদার বলেন, রান্নার জন্য যে পরিমাণ সরঞ্জাম দেওয়া হয়, তা দিয়ে ৬০ থেকে ৬৫ জন শিশুকে খাওয়ানো সম্ভব। পর্যাপ্ত ভাত থাকলেও তরিতরকারি সামান্যই মেলে। প্রতি শনি ও মঙ্গলবার মাছ-ডাল, সোম ও শুক্রবার ডিম-ডাল, রবি ও বুধবার সবজি মেলে শিশুদের খাবারের পাতে। কেবল বৃহস্পতিবার জোটে মাংস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তত্ত্বাবধায়ক রূপম কান্তি চাকমা শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘ছাত্রাবাসের জন্য কত টাকা বরাদ্দ আছে, তা আমার জানা নেই। আবাসিক শিক্ষার্থীদের বিষয়টা বলতে পারবেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আবাসিক বিদ্যালয়ে শিশুদের যে পরিবেশে রাখা হয়েছে এবং যে পরিমাণ খাবার দেওয়া হয় তাতে তাদের অপুষ্টি দেখা দেওয়ার কথা। বাড়ন্ত শিশুদের দুধ, ডিম, মাছ, মাংস, ফল, সবজিসহ প্রচুর পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত।
এ প্রসঙ্গে কথা বলার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদারের মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।