খিরামবাসীর স্বপ্ন পিচ ঢালাই সড়ক
‘এই দুর্গম গ্রামে ১০ হাজার মানুষের বসবাস। এখানে প্রচুর সবজি চাষ হয়, কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় বাজারজাত করা যাচ্ছে না। নানুপুর-খিরাম সড়ক কার্পেটিং না হওয়ায় মার খাচ্ছে কৃষকেরা। একটি রাস্তার জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে?’ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন ফটিকছড়ি উপজেলার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া। তিনি জানান, গ্রামবাসী ৪১ বছর ধরে নয় কিলোমিটারের সড়কটি পিচ ঢালাইয়ের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে ধরনা দিয়েছে। তবে কোনো কাজ হয়নি।প্রায় ১০ হাজার মানুষ অধ্যুষিত খিরাম গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো। ফটিকছড়ি সদর থেকে গ্রামটি একরকম বিচ্ছিন্ন। স্বাধীনতার পর নানুপুর থেকে খিরাম পর্যন্ত নয় কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মিত হলেও সেটি আজও পিচ ঢালাই হয়নি। নানা সময়ে বিচ্ছিন্নভাবে সড়কের কিছু অংশে ইট বিছানো হয়। বর্ষা মৌসুমে সে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে গ্রামে উৎপাদিত ফসল দূর-দূরান্তে নিতে পারছেন না কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, গ্রামটি সবজির গ্রাম হিসেবে প্রসিদ্ধ। গ্রামের সাড়ে তিন শ একর জমিতে বছরজুড়ে নানা ধরনের সবজির আবাদ হয়। অন্যদিকে, সর্তায় চর জেগে আবাদি জমির পরিমাণ ক্রমেই বাড়ছে। কিন্তু উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে উৎপাদিত সবজি বাজারজাত করা যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, একটি রিকশা ভ্যানে মালামাল নিয়ে বাজারে যাচ্ছেন গ্রামবাসী আবদুল মাবুদ। তাঁর সঙ্গে থাকা ছেলেটিকে ঠেলতে হচ্ছিল রিকশাভ্যানটি। মাবুদ জানান, ভাঙা সড়ক দিয়ে বহু কষ্টে তাঁকে মাল নিয়ে বাজারে যেতে হয়। শুষ্ক মৌসুমে এভাবে পণ্য নেওয়া সম্ভব হলেও বর্ষায় তা মোটেই সম্ভব হয় না। জানতে চাইলে নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি জানান, সড়কটির আড়াই কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ দেড় বছর আগে শুরু হয়। কিছুদূর কাজ করার পর ঠিকাদারেরা উপকরণের দাম বাড়ার অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে চলে যান। ফলে সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি আরও বাড়ে।উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, সড়কের আড়াই কিলোমিটার অংশ পিচ ঢালাইয়ের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানের পক্ষে মো. শহিদ উল্লাহ কাজ বন্ধের জন্য লিখিত আবেদন করেন। ফলে তাঁর জরিমানাও হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার মো. শহিদ উল্লাহ বলেন, ‘দরপত্রে উল্লিখিত বিভিন্ন উপকরণের দাম দ্বিগুণ হারে বেড়েছে। লোকসান এড়াতে কাজ ছেড়ে দিয়েছি।’উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী জানান, সরকার গ্রামপর্যায়ে সড়ক যোগাযোগ উন্নত করার পদক্ষেপ নিয়েছে। খিরাম গ্রামের সড়কও শিগগিরই সংস্কার হবে।