খিরামে নির্বাচনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন থেকে আলাদা হওয়া খিরাম ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত বুধবার উপজেলা সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়নের খিরাম, হচ্ছার ঘাট, বড়ইতলী, মগকাটা, মধ্যম খিরাম, চৌমুহনী, প্রেমপুর ও মধ্যছড়ি এলাকা থেকে হাজারো মানুষ মিছিল সহকারে এসে যোগ দেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন খিরামের বাসিন্দারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সমবায় কর্মকর্তা আইয়ুবুর রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

শিক্ষাবিদ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফকরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের নেতা এইচ এম আবু তৈয়ব, সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, যুবলীগের নেতা মো. কামাল পাশা, মো. লোকমান, খিরাম ছাত্র ফোরামের নেতা সৌরভ হোসেন, মো. এমদাদ, নুরুল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৬ সালে নানুপুর থেকে খিরাম আলাদা ইউনিয়ন হলেও সীমানা নিয়ে মামলার কারণে ১১ বছরেও নির্বাচন হয়নি। প্রভাবশালী মহল খিরামের সাধারণ মানুষকে বারবার ধোঁকা দিয়ে আসছে।

বক্তারা মামলা প্রত্যাহার করে দ্রুত খিরামে নির্বাচন দেওয়ার দাবি জানান।