টেকনাফে বিভিন্ন এলাকায় খিরা চাষ করে ভাগ্যবদল হয়েছে প্রায় পাঁচ শতাধিক কৃষকের। এলাকার চাহিদা মিটিয়ে এসব খিরা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দামও ভালো পাওয়ার যাচ্ছে, তাই খুশি চাষি। কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি শীত মৌসুমে উপজেলার মহেশখালীয়াপাড়া, লেঙ্গুঁরবিল, লম্বরী, নয়াপাড়া, আছারবনিয়া, মুন্ডার ডেইল, পানছড়িপাড়া, চৌধুরীপাড়া, নাজিরপাড়া, রাজারছড়া, নোয়াখালীপাড়া, জাহাজপুরা, চৌকিদারপাড়া, মরিষবনিয়া, শামলাপুর, বড় ডেইল, দমদমিয়া, আলীখালী, লেদা, পানখালী, উলুছামারী, রঙ্গিখালী, ঝিমংখালী, মিনাবাজার, কানজারপাড়া, রক্ষইম, লম্বাঘোনা, হরিখোলা, উলুবনিয়া ও সেন্টমার্টিনসহ আশপাশের আরও কয়েকটি এলাকার প্রায় ৪০০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এসব জাতের মধ্যে রয়েছে ঝুম্মা, হাইব্রিড ও সোনালি খিরা। লম্বরী এলাকার কৃষক খলিলুর রহমান বলেন, ‘এ বছর চার কানি জমিতে খিরার চাষ করেছি। প্রতিকানিতে খরচ পড়েছে দেড় থেকে দুই হাজার টাকা। পাইকারি হিসাবে প্রথম দিকে প্রতিকেজি ৪০ থেকে ৬০ টাকা এবং বর্তমানে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করছি। আশা করছি শেষ পর্যন্ত প্রতি কানিতে ২০ হাজার টাকার বেশি লাভ থাকবে।’ নোয়াখালীপাড়ার কৃষক নাজির হোসেন বলেন, ‘গত দুই বছর আগেও আমি তরমুজ চাষ করেছি। অন্যদের দেখাদেখি গত বছর থেকে সাড়ে পাঁচ কানি জমিতে ঝুমমা খিরার চাষ করছি। আশা করছি এবারও ভালো লাভ হবে।’ কৃষকেরা জানান, এখানকার খিরার চাহিদা রয়েছে সারা দেশে। আড়তদারেরা এখান থেকে পাইকারি দামে খিরা কিনে নিয়ে যান। ভালো লাভ পাওয়ায় শুষ্ক মৌসুমেও খিরা চাষের কথা ভাবছেন অনেকে।চট্টগ্রাম থেকে আসা পাইকারি ব্যবসায়ী আবুল হোসেন জানান, তিনিসহ একাধিক আড়তদার এখান থেকে খিরা কিনে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করেন।এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখানকার খিরা এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলা সদরে সরবরাহ করা হচ্ছে। এতে করে স্থানীয় চাষিরা লাভবান হচ্ছেন। চলতি বছরের সাফল্য দেখে আগামী বছর এক হাজার হেক্টর জমিতে খিরা চাষ হতে পারে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘এখনকার খিরা খেতে খুবই সুস্বাদু। প্রতিদিন টেকনাফ থেকে পাঁচ থেকে সাত ট্রাকভর্তি খিরা চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ হচ্ছে।’