খিয়াং নারীদের সুখ-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দোকানের আয়ে সংসার চলে না। তবু কী করব? টেনেটুনে চালাতে হয়। স্বামী একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিদ্যালয়ে শিক্ষকতা না করলে টেনেটুনেও চলত না সংসার।’—পরিষ্কার বাংলায় কথাগুলো বললেন ঊষা খিয়াং। তিনি রোয়াংছড়ি-রুমা নির্মাণাধীন আন্তউপজেলা সড়কে প্রত্যন্ত খামতাং খিয়াংপাড়ায় একটি ছোট্ট চায়ের দোকান দিয়েছেন। সম্প্রতি খামতাংপাড়ায় ৭০টি পরিবারে গিয়ে দেখা গেছে, খিয়াং আদিবাসী মেয়েরা ঊষা খিয়াংয়ের মতো প্রত্যেকে কোনো না কোনো কাজে জড়িত। তাঁরা কেউ ধান ভানছেন, কেউ মাথায় রশি দিয়ে থুরুংভর্তি জ্বালানি নিয়ে আসছেন, কেউ পাড়া থেকে বহু দূরের ঝরনা থেকে পানি সংগ্রহ করছেন। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এ পাড়ার গাছ, বাঁশ, ঝুড়িভর্তি পাথর আর অবাধ জায়গা-জমিসহ অগাধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্ব্বেও পাড়ার অধিকাংশ পরিবারই দরিদ্র। ঘরবাড়ি দেখলেই তা বোঝা যায়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রোয়াংছড়ি থেকে রুমা পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করেছে। এর ফলে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের যে সুযোগটা তৈরি হয়েছে, তা এঁরা কাজে লাগাতে পারছেন না। বাজারব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই বলেই এ অবস্থা। তবে চড়াই-উতরাই বেশি হওয়ায় এ সড়কটি ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ। এই সড়কে রোয়াংছড়ি বাজার থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়া খিয়াং। তিনি জানালেন, ‘জুমে উৎপাদিত পণ্য বিপণনে ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে আমরা মেয়েরা বাজারে যাই। সড়ক নির্মাণের নামে খাড়া পাহাড় সমান না করে ইট ঢেলে মরণফাঁদ তৈরি করেছে।’ এখানকার উন্নয়ন কর্মীদের অভিমত, অনগ্রসর আদিবাসীরা সম্পদের অভাবে দরিদ্র নয়। তাঁরা সম্পদকে কাজে লাগাতে পারছেন না। আর এই অনগ্রসর সমাজের মধ্যে আরও অনগ্রসর অংশ হচ্ছেন নারীরা। এ জন্য অধিকাংশ ক্ষেত্রে আদিবাসী সমাজে নারীরা কাজ করেন বেশি। খিয়াং নারীদের মধ্যে প্রথম ও একমাত্র স্নাতক ডিগ্রিধারী হ্লাক্রয় খিয়াং বলেছেন, খিয়াং নারীরাও পার্বত্য অঞ্চলের অন্যান্য আদিবাসী নারীর মতো পরিবারের অধিকাংশ দায়িত্বই পালন করেন। এ জন্য ঘরে ও বাইরে তাঁদের বেশি কাজ করতে হয়। কিন্তু সম্পত্তির উত্তরাধিকার, পরিবারে ও সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের কোনো অধিকার নেই। এখন অবশ্য যাঁরা শিক্ষিত হচ্ছেন তাঁদের অবস্থার অনেক পরিবর্তন হচ্ছে। পুরো গ্রামে এখনো মাত্র দুজন মাধ্যমিক ও দুজন উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চারজন উচ্চমাধ্যমিকে পড়ছেন। ঊষা খিয়াংও জানালেন, তাঁরা যখন ছোট ছিলেন তখন পাড়ায় কোনো বিদ্যালয় ছিল না। এখন সরকারি বিদ্যালয় না থাকলেও বেসরকারি সংস্থা কারিতাসের বিদ্যালয়ে ছেলে-মেয়েরা পড়ালেখা শিখতে পারছে। পাড়ার আরও অনেক ছেলে-মেয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে বাইরে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশুনা করছে বলেও তিনি জানান।খিয়াং নেতা বাছা খিয়াং জানিয়েছেন, বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় প্রায় আড়াই হাজার খিয়াং আদিবাসী বসবাস করেন। কিন্তু দুর্গম এলাকায় তাঁদের বসবাস হওয়ায় সরকারি পরিসংখ্যানের আওতায় থাকেন না খিয়াং জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ। সরকারি হিসাবে খিয়াংদের সংখ্যা কম হওয়ায় জেলা পরিষদে তাঁদের জন্য কোনো আসন সংরক্ষণ করা হয়নি। খিয়াংদের সঠিক পরিসংখ্যান ও জেলা পরিষদে আলাদা আসন সংরক্ষণেরও দাবি জানান বাছা খিয়াং।