খুঁজছি তোমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জন্মদানকারী মা, দেখো, আমি তোমার হারিয়ে যাওয়া ছোট্ট মেয়ে। কেমন আছো? আমার কথা কি তোমার মনে আছে? মা তো তার সন্তানদের কথা কখনো ভুলে যেতে পারে না। আমি কীভাবে তোমার কাছ থেকে হারিয়ে গেলাম, মা? তুমি কি কেঁদেছ মা? এখনো কাঁদো আমার কথা ভেবে ভেবে? মা, তুমি কেঁদো না। আমি যেখানে আছি, অনেক ভালো আছি। জানো মা, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। কীভাবে ২০ বছর পার হয়ে গেল। আমি এই কিছুদিন আগে জানলাম, আমার হারিয়ে যাওয়ার কথা। আমি কি সত্যি মহররমের মেলায় হারিয়ে গিয়েছিলাম, মা? তোমার কোল থেকে কীভাবে আমি হারিয়ে গেলাম, মা? আমি কি অনেক দুষ্টু ছিলাম? আমায় খোঁজোনি তুমি? একবার পুলিশে খোঁজ নিতে। আমায় পেয়ে যেতে হঠাৎ। আচ্ছা মা, আমার কি ভাইবোন আছে? তারা কেউ আমার কথা মনে রেখেছে? নাকি তুমি একাই আমার জন্য কেঁদেছো? তুমি কি এখনো আমার ফেরার অপেক্ষা করো, মা? আমি যে তোমায় দেখতে চাই, মা। তোমার কাছে যেতে চাই। তুমি কোথায় থাকো? পুরান ঢাকায়? কত রাত আমি তোমার কথা ভেবে কাটিয়েছি। তুমি দেখতে কেমন, আমি কি তোমার মতো দেখতে, নাকি আমার বাবার মতো? বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে আমি কীভাবে তোমায় খুঁজে বের করব? কোথা থেকে খোঁজা শুরু করব? আমি কি কখনো তোমায় খুঁজে পাব? আমায় দেখলে তুমি চিনতে পারবে তো, মা? লেখাটি পড়ে কি বুঝতে পারবে, এটি তোমার হারিয়ে যাওয়া ছোট মেয়ের লেখা[email protected]