খুঁজে পেলাম আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জন্ম শেরপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। সেই সময় নারীরা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। তারপরও বাবা আমাদের স্কুলে ভর্তি করান। কিন্তু স্কুলের গণ্ডি না পেরোতেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমি খেলাঘর আসরের সঙ্গে যুক্ত ছিলাম। লেখালেখিও করতাম। বিয়ের পর খেলাঘর তো দূরের কথা, বউ শিক্ষিত এটা শুনলেই তো পিলে চমকে যেত। যা-ই হোক, অনেক কষ্টে আমার শ্বশুরকে রাজি করিয়ে এসএসসি পরীক্ষা দিলাম, পাসও করলাম। তখন এ এলাকায় অশিক্ষা, যৌতুক, কুসংস্কার, স্ত্রী-পেটানো হতো হরহামেশা। এসব দেখে দম বন্ধ হয়ে আসত। একদিকে নিজের জন্য হাহাকার, অন্যদিকে অন্ধকার সমাজ। সারাক্ষণ ভাবতাম এ থেকে মুক্তির উপায়। অবশেষে খুঁজে পেলাম, এ আঁধার দূর করতে হলে শিক্ষার আলোর প্রয়োজন।
প্রথমে বাড়ি বাড়ি খবর পাঠিয়ে নারীদের বিনা বেতনে আমার ঘরে এনে অক্ষরজ্ঞান দান করতাম। কখনো রান্নার ফাঁকে, কখনো ঢেঁকিতে ধানভানার ফাঁকে। এভাবে চলতে থাকল। দেখলাম মেয়েরা ভালো সাড়া দিচ্ছেন। কিছু লোক এ কাজকে ভালোভাবে গ্রহণ করলেন না। আমি এসব নিয়ে না ভেবে এলাকায় একটি স্কুল চালুর কথা ভাবলাম। কিন্তু স্কুল করতে টাকা প্রয়োজন, তা আমি পাব কোথায়? এরই মধ্যে ব্র্যাকের কথা জানতে পারলাম। ব্র্যাক অফিসে যোগাযোগ করে একটি ব্র্যাক স্কুল চালু করা হলো আমার বাড়িতে। ভাবলাম, আমিই শিক্ষকতা করব। বাধা দিলেন শাশুড়ি। অবশেষে তাঁকে বুঝিয়ে রাজি করালাম। প্রথম বছরেই ৩০ জন ছাত্রীকে সাক্ষরতা দান করলাম। কিন্তু কিছু লোক এটাকে ভালোভাবে মানতে পারলেন না। তাঁরা নানা অপপ্রচার চালাতে শুরু করলেন। কিন্তু আমি থেমে যাইনি।
দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আজ আমি সফল। আমার এলাকায় প্রতিটি মেয়ে স্কুলে যায়। সবাই আমাকে ‘তাহেরা আপা’ বলেই ডাকে। তাদের সমর্থনেই আমি বিগত ইউপি নির্বাচনে ধলা ইউনিয়নের সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছি। বর্তমানে শেরপুর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছি। যুক্ত আছি উপজেলা সমন্বয় কমিটি, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সঙ্গে।
আমার ভালো লাগে যখন দেখি এলাকায় অশিক্ষা, কুসংস্কার, নির্যাতন অনেকটাই কমেছে। প্রায় শূন্যের কোঠায়। আমি বিশ্বাস করি, লক্ষ্য ঠিক রেখে সাহসিকতার সঙ্গে এগোলে সব বাধাই জয় করা সম্ভব।
তাহেরা সাজ্জাদ, শেরপুর