খুঁজে বের করো জীবনের ধ্রুবতারা : টিম কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অ্যাপলের প্রধান নির্বাহী, টিম কুক। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি।
টিম কুক
টিম কুক

২০১৫ সালের স্নাতক, তোমাদের সবাইকে অভিনন্দন! অভিনন্দন তোমাদের বাবা মা ও বন্ধুদেরও।
তোমরা জানো, এটা এক বিস্ময়কর জায়গা। এর নাম ওয়াশিংটন, যাকে বলা হয় গণতন্ত্রের কেন্দ্রস্থল। এটা সেই বিখ্যাত জায়গা, যেখানে মার্টিন লুথার কিং গণতন্ত্রের জন্য মার্কিনিদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এটা সেই জায়গা, যেখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান আমাদের নিজেদের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছিলেন।
প্রায় ২০ বছর পর আমি ওয়াশিংটন এলাম। এখানে একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, যিনি আমার সবকিছু নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্টিভ জবস। বেশির ভাগ মানুষই ভুলে যায় ১৯৯৭ সাল থেকে ১৯৯৮ সালের প্রথম অবধি অ্যাপল কী টালমাটাল অবস্থাতেই না ছিল! যাকে বলে দিশেহারা, ভাসমান। কিন্তু স্টিভ তখনো ভাবতেন, অ্যাপল আবার জগদ্বিখ্যাত হবে। আর এ রকম সময়েই তিনি আমার সাহায্য চেয়েছিলেন।
আমি পড়াশোনা করেছি প্রকৌশলে এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি। এখন আমি জনা চল্লিশেক প্রাণবন্ত মানুষের সামনে বসে থাকি, যারা পৃথিবীকে বদলে দেওয়ার কথা বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, সেই ’৯৮ সালে ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থাও ছিল দিশেহারা এবং ভাসমান।
তবে আমি আমাকে ভালোভাবেই চিনি। আমি তখন চোখ রেখেছিলাম আমার জীবনের ধ্রুবতারার দিকে। আমি চেয়েছিলাম পৃথিবীকে বদলে দিতে। স্টিভ ছিলেন গভীর ধী-সম্পন্ন। তিনি প্রথম মিটিংয়েই আমাকে এই বলে বশীভূত করলেন যে আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং ভালো পণ্য তৈরি করতে পারি, তবেই পৃথিবীকে বদলানো সম্ভব। সত্যিই বিস্ময়কর, আমি তাঁর কথায় কুপোকাত হয়ে গেলাম। চাকরিটা গ্রহণ করলাম এবং জীবনটাকে বদলে ফেললাম।
স্নাতক বন্ধুরা, তোমার মূল্যবোধই তোমার সম্পদ। ওটাই তোমার জীবনের ধ্রুবতারা। কি রাষ্ট্রে কি ব্যবসায়—সব ক্ষেত্রে তোমাদের প্রজন্মের যারা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সম্ভাবনাময়, তাদের নেতৃত্ব প্রয়োজন। আমরা এমনটাই চাই।
সুতরাং খুঁজে বের করো তোমার জীবনের ধ্রুবতারা। তার আলোয় পরিচালিত করো তোমার জীবন। তোমরা কজন এই কথাগুলো গ্রহণ করবে, তা নিয়ে আমার সন্দেহ আছে! তবে তাতে আমি মন খারাপ করছি না। শহরের মানুষগুলো সন্দেহপ্রবণ, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এখানে বেশির ভাগ মানুষের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, তাদের চরিত্র সন্দেহবাতিকগ্রস্ত এবং তুমি যদি আরও নিবিড়ভাবে তালাশ করো, তবে দেখতে পাবে, তারা মিথ্যা বলে। সম্ভবত তুমি যে পৃথিবীতে বাস করো, তার স্বরূপটাই এ রকম।

টিম কুক
টিম কুক

ফিরে যাই নব্বইয়ের দশকে। তখন অ্যাপল একটি বিজ্ঞাপন প্রচার করত—ভিন্নভাবে ভাবো। এই বিজ্ঞাপনের সঙ্গে আমাদের গ্রহের বিখ্যাত ব্যক্তিদের ছবি যেত, যাঁরা পৃথিবীকে বদলে দিতে সারা জীবন স্পর্ধা দেখিয়েছেন। যেমন মহাত্মা গান্ধী, জ্যাক রবিনসন, মার্থা গ্রাহাম, আইনস্টাইন প্রমুখ। তাঁরা আমাদের এই বিশ্বাস দিয়ে গেছেন, যেকোনো কিছু করা সম্ভব। অ্যাপলে আমার এক বন্ধু বলত, একটা সমস্যা সমাধানের সবচেয়ে সহজ পথ হচ্ছে অ্যাপলের প্রকৌশলীদের ঘরের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এবং জোরে জোরে বলতে থাকা—‘এটা অসম্ভব’!
সমস্যা দেখা দিলে সেটার সমাধান করা প্রয়োজন। সমাধান না করাটাই বরং ওই সমস্যার প্রতি অন্যায় করা। মানুষ রোগাক্রান্ত হলে সেটা নিরাময়ের চেষ্টা করে। এ বিশ্ব চায় তোমার কর্মস্পৃহা, তোমার একাগ্রতা, তোমার ধৈর্যের প্রবহমানতা। ঝুঁকি নিতে শঙ্কিত হয়ো না। নিন্দুকদের সমালোচনা কানে তুলো না। ইতিহাস একজন ব্যক্তিকে ধারণ করে এবং মনে রেখো, সেই ব্যক্তিটা তুমিও হতে পারো। সেটা বরং নিশ্চিতভাবে তোমারই হওয়া উচিত!
সবাইকে ধন্যবাদ!
ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর: মারুফ ইসলাম