খুঁটি আছে বিদ্যুৎ নেই!
১০ বছর আগে খুঁটি বসিয়ে তার টানা হলেও আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সমুদ্রতীরের চারটি গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। দুর্গম এই উপকূলীয় গ্রামগুলোর বাসিন্দারা প্রধাণত মৎসজীবী। বিদ্যুৎ না থাকায় তাঁরা মাছ সংরক্ষণ ও পরিবহন করার ক্ষেত্রে বিপাকে পড়েছেন।
পল্লী বিদ্যুৎ কর্তৃক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৩ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা, দক্ষিণ গহিরা, ঘাটকূল ও বার আউলিয়ার দুই কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন তার টানা হয়। তবে পূর্ব গহিরা ও ঘাটকূল এলাকায় দুটি খুঁটি শঙ্খ নদের ভাঙনে বিধ্বস্ত হওয়ায় সঞ্চালন তার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ দুটি খুঁটি মেরামত করে শিগগিরই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে তাঁরা জানান।
ওই এলাকার বাসিন্দারা জানান, বিদ্যুৎ-সংযোগের জন্য রায়পুরের চারটি গ্রাম থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি আবেদন পড়েছে। আবেদনকারীদের কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা করে নেওয়া হলেও বিদ্যুৎ পাননি তাঁরা। বর্তমানে ওই এলাকার কোনো কোনো স্থানে তার চুরির ঘটনা ঘটছে। এ ছাড়া সাগর ও শঙ্খের ভাঙনের শিকার হচ্ছে বিদ্যুতের খুঁটি।
এলাকা ঘুরে দেখা গেছে, সামুদ্রিক মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ হলেও বঙ্গোপসাগর ও শঙ্খ নদের মোহনায় অবস্থিত রায়পুর ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা বেহাল। বর্ষা এলেই সাগর ও নদের প্রবল ভাঙনের কবলে পড়ে এলাকাটি। মাছ পরিবহন সময়সাপেক্ষ হওয়ায় এ এলাকার বাসিন্দারা একটি বরফকল অথবা হিমাগার স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় তা সম্ভব হচ্ছে না।
রায়পুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল প্রথম আলোকে বলেন, উপকূলীয় এই এলাকায় বিদ্যুৎ থাকাটা জরুরি ছিল। আশপাশের গ্রামগুলোতে বিদুৎ থাকায় বরফকল গড়ে উঠেছে। কিন্তু এলাকার মৎসজীবীরা বরফকল না থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল্লাহ আল রোকনী প্রথম আলোকে বলেন, রায়পুরের পূর্ব গহিরা ও বার আউলিয়া এলাকায় বিদ্যুৎ সঞ্চালন খুঁটি ভাঙনের কবলে পড়ায় ওই লাইন মেরামত করতে হবে। তা ছাড়া কোনো কোনো স্থানে বিদ্যুতের তার চুরি হওয়ায় সংযোগ দেওয়া যায়নি। মাস খানেকের মধ্যেই সংযোগ দেওয়া সম্ভব হবে।