খুঁটিতে বাঁধাজীবন
খুঁটির সঙ্গে বাঁধা বাঁ পা। উষ্কখুষ্ক চুল। সারা গায়ে ময়লা। পায়ের গোড়ালিতে কালো হয়ে আছে রশির দাগ। খুঁটির বাঁধন ছিঁড়ে ফেলতে প্রাণপণ চেষ্টা। পরক্ষণে আবার নির্বাক, নিস্তেজ। দিনের বেলায় উঠানে, রাতে ঘরের খুঁটিতে বাঁধা। খাওয়াদাওয়াও এখানেই। এভাবেই তিন বছর ধরে চলছে গৃহবধূ লুৎফুন্নেছার (৪০) খুঁটিতে বাঁধা জীবন। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সমুদ্রতীরের গ্রাম সেকান্দারপাড়ার বাসিন্দা নুরুল হকের স্ত্রী তিনি।
গত শুক্রবার দুপুরে সেকান্দারপাড়ায় গিয়ে দেখা গেল, তাঁর কষ্টের জীবন। নিজের ঝুপরিঘরের সামনে গাছের একটি খুঁটিতে বাঁধা লুৎফুন্নেছা। মানুষ দেখেই বাঁধন খুলে দেওয়ার জন্য আকুতি জানিয়ে কান্নাকাটি করছেন। প্রচণ্ড গরমে গড়াগড়ি দিচ্ছেন মাটিতে। পাশে থাকা স্বামী নুরুল হক তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। একটু পর দেখা গেল, হাসছেন লুৎফুন্নেছা। বলছেন, ‘ভাত দে, পানি দে’। এরপর সামনে দাঁড়ানো লোকজনকে ঢিল ছুড়ছেন।
প্রতিবেশীরা জানান, ১৬ মে বিকেলে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার খবরে গ্রামজুড়ে আতঙ্ক নেমে আসে। এ সময় লুৎফুন্নেছাকে ঘরে বাঁধা অবস্থায় ফেলে রেখে সবাই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলে যান।
তাঁর স্বামী নুরুল হক (৬০) বলেন, ‘গ্রামের সবাই চলে গিয়েছিল ঠিক। কিন্তু তাঁকে (স্ত্রী) ফেলে আমি যাই কী করে? আমি ঘূর্ণিঝড়ের অবস্থা দেখতে পাশের বেড়িবাঁধে গিয়েছিলাম। ঘূর্ণিঝড়টা আঘাত হানলে ভালোই হতো, একসঙ্গে দুজনের (স্বামী-স্ত্রীর) পৃথিবী ত্যাগ করা হতো।’
ছেলের জন্য পাগল মা: ১৯৯৩ সালের মার্চ মাসে উপজেলার মগঘোনা গ্রামের মৃত এজাহার মিয়ার মেয়ে লুৎফুন্নেছার সঙ্গে বিয়ে হয় নুরুল হকের। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে প্রথম স্ত্রী ও ছয় ছেলেমেয়ে ভেসে যায় সাগরে। এরপর সব হারানো নুরুল হক আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। লুৎফুন্নেছাকে বিয়ের পর সংসারে জন্ম নেয় তিন ছেলেমেয়ে মুবিনা খাতুন, রূপ বাহার ও নুরুল ইসলাম।
নুরুল হক স্থানীয় চিংড়িঘের ও লবণ মাঠের বাঁধ নির্মাণকাজ আর সাগরে মাছ ধরে সংসার চালাতেন। লুৎফুন্নেছা সামলাতের ঘরের রান্নাবান্নাসহ ছেলেমেয়েদের লেখাপড়ার কাজ। এক শতক জমির ওপর তৈরি ছোট্ট ঝুপড়িঘরে তাঁদের সংসারটা শান্তিতেই কাটছিল। কিন্তু তাঁদের একমাত্র ছেলে নুরুল ইসলামের মৃত্যুতে পাল্টে যায় সব।
নুরুল হক জানান, সাড়ে তিন বছর আগে নুরুল ইসলাম (৬) ঘরের উঠানে খেলা করছিল। এর পর তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। বিকেলে ঘরের দক্ষিণ পাশের একটি পুকুরে তার লাশ পাওয়া গেল। সম্ভবত খেলতে খেলতে সে পুকুরে পড়ে গিয়েছিল। এর পর থেকে শুরু হলো ছেলের জন্য লুৎফুন্নেছার কান্নাকাটি। খাওয়াদাওয়া ছেড়ে দিলেন। একসময় লুৎফুন্নেছা অসংলগ্ন কথা বলা শুরু করলেন। হাসাহাসি করেন কারণে-অকারণে। ঘর ছেড়ে এদিক-ওদিক ঘুরে বেড়ান। দুই মেয়ে লেখাপড়া বাদ দিয়ে মাকে সার্বক্ষণিক দেখাশোনার কাজেই ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কেটে গেল ছয় মাস। এর মধ্যে লুৎফুন্নেছার অবস্থা আরও খারাপের দিকে গেল। মানুষ দেখলে গালমন্দ করতে থাকেন, ঢিল ছুড়ে মারেন। ঘুম থেকে উঠে পালিয়ে যান। শেষে তাঁকে পায়ে শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। কয়েক মাস ধরে শরীরের অবস্থা দুর্বল হলে শিকল খুলে রশি দিয়ে বেঁধে রাখি। তিন বছর ধরে খুঁটির সঙ্গে তাঁর বন্দীজীবন কাটছে।
ওঝা বৈদ্যর অপচিকিৎসা: নুরুল ইসলামের ভাইপো নুর কামাল (৩৩) বলেন, ওঝা বৈদ্যের পানিপড়া আর কবিরাজি ওষুধ খেয়ে চাচির কোনো উন্নতি দেখছি না। বরং দিন দিন মৃত্যুর দিকে পা বাড়াচ্ছেন।
নুরুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের হাত চাঁদার প্রায় ৬০ হাজার টাকা কবিরাজ ওঝা বৈদ্যের পেছনে খরচ করেছি। এখন কক্সবাজার, চট্টগ্রাম অথবা ঢাকার হাসপাতালে নিয়ে স্ত্রীর চিকিৎসা করাতে চাই।
কিন্তু সে সামর্থ্য আমার নেই। এমনকি পেকুয়া থেকে কক্সবাজার অথবা চট্টগ্রামে যাওয়ার বাসভাড়াও নেই। এ জন্য তিনি সরকার বা সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন।