খুঁড়িয়ে চলছে লোহাগাড়ার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রম

অপরিসর একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে ১০ জনের। নেই পর্যাপ্ত পড়ার টেবিল, রাইটিং ফ্রেম, ব্রেইল টাইপ, এবাকাস ও টেপ রেকর্ডার যন্ত্র। চট্টগ্রামের লোহাগাড়ায় এভাবেই খঁুড়িয়ে চলছে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিত শিক্ষাকার্যক্রম।
লোহাগাড়ার এই কেন্দ্রটি চট্টগ্রামের একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী সমন্বিত শিক্ষাকার্যক্রম প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সালের মার্চ মাস থেকে চালু রয়েছে। ১০ জন আবাসিক শিক্ষার্থীর আসন থাকলেও বর্তমানে এখানে বিনা খরচে থাকছে নয়জন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র। উপজেলার শাহপীর পাইলট উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে দুই কক্ষের একটি ভবনে চলছে এই শিক্ষাকার্যক্রম। একটি কক্ষ কেন্দ্রের কার্যালয়, অপর কক্ষে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সম্প্রতি ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছোট একটি টেবিলে অন্তত ছয়জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী গাদাগাদি করে বসে পড়ছে। শিক্ষক টেবিলের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছিলেন। এই সময় শিক্ষার্থীরা জানায়, শিক্ষা সরঞ্জাম, আবাসন, শিক্ষকসংকটসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে তাঁদের লেখাপড়া।
কেন্দ্রের শিক্ষক এবং কর্মচারীরা জানান, এখানে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রীদের থাকার ব্যবস্থা নেই। প্রাথমিক থেকে দশম শ্রেণীর দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্ররা থাকার সুযোগ পায়। এখানকার আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ে। মাসে প্রত্যেক শিক্ষার্থীর পেছনে দুই হাজার ৬০০ টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। এর মধ্যে খাবারের পেছনে দুই হাজার ও শিক্ষা উপকরণের পেছনে ৬০০ টাকা ব্যয় করা হয়। তবে এই টাকা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
বর্তমানে এখানে লোহাগাড়ার তিনজন, খাগড়াছড়ির একজন, নরসিংদীর দুজন, মাদারীপুরের একজন, সাতকানিয়া ও হাটহাজারীর একজনসহ মোট নয়জন শিক্ষার্থী রয়েছে।
একজন রিসোর্স শিক্ষক ও একজন হাউস পেরেন্ট শিক্ষক থাকার কথা থাকলেও হাউস পেরেন্ট শিক্ষকের পদটি দীর্ঘ দিন শূন্য রয়েছে। দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর জায়গায় রয়েছেন একজন।
শিক্ষার্থীদের অভিযোগ, রাইটিং ফ্রেম, ব্রেইল টাইপ, পার্কিন্স, এবাকাস ও টেপ রেকর্ডারজাতীয় শিক্ষা উপকরণ অপ্রতুল। যা আছে তার অধিকাংশই নষ্ট। এ বছর এখনো বরাদ্দের টাকা দিয়ে শিক্ষা উপকরণ কেনা হয়নি। এ ছাড়া দাবা, ক্যারম, লুডুর মতো খেলাধুলার সামগ্রী নেই এ কেন্দ্রে। তবে প্রত্যেক শিক্ষার্থীর একটিই চাওয়া, তা হলো টকিং জজ সফটওয়্যার সংবলিত একটি কম্পিউটার। এটি থাকলে সবাই কম্পিউটার শিখতে পারত।
শিক্ষার্থী রনেল চাকমার বাবা গনমিত্র চাকমা জানান, লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা দেওয়া হলে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।
কার্যক্রমের রিসোর্স শিক্ষক আরিফুল হাসান বলেন, সরকারি বরাদ্দকৃত টাকার মধ্যে খাওয়া, থাকা, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য ব্যয় বহন করতে হয়। কেন্দ্রে একটি কম্পিউটার থাকলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।