চট্টগ্রাম নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি স্টেশনের মধ্যে দুটির অস্তিত্ব নেই। বাকিগুলো লোকবল ও যন্ত্রপাতিসংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আগ্রাবাদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জন্য বরাদ্দ একমাত্র রোগীর গাড়িটিও (অ্যাম্বুলেন্স) চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ফায়ার সার্ভিসের সেবাকার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নগরে আটটি প্রথম, একটি করে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণীর সমুদ্রগামী ও দ্বিতীয় শ্রেণীর নিউমুরিং ফায়ার সার্ভিস স্টেশনের অস্তিত্বই নেই। জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল তৈরির জন্য নিউমুরিং স্টেশনের জায়গা অধিগ্রহণের পর এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। অপরদিকে, মাঝিরঘাট এলাকায় পাঁচ নম্বর জেটির পূর্বপাশে নেভিগেট এলাকায় একটি অগ্নিনির্বাপক নৌযান নিয়ে সমুদ্রগামী ফায়ার সার্ভিস স্টেশন গঠিত হয়েছিল। কিন্তু নৌযানটি নষ্ট হয়ে যাওয়ার পর এর কার্যক্রমও বন্ধ হয়ে যায়। বিষয়টি স্বীকার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান। তিনি জানান, ‘কবে থেকে নৌযানটি নষ্ট হয়েছে তা সঠিক বলতে পারব না। বিষয়টি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। আশা করছি সহসা এর সমাধান হবে।’ মো. আবদুল মান্নান নিউমুরিং স্টেশন সম্পর্কে বলেন, ‘এটি মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরই জায়গা ছিল। বন্দর টার্মিনাল তৈরির সময়ে আমাদের ওই জায়গা থেকে সরে আসতে হয়। ফায়ার সার্ভিস স্টেশন তৈরির জন্য তাঁরা নতুন জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গা পাওয়া যায়নি।’ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩৫ জন লোকবল নিয়ে প্রথম শ্রেণী, ২১ জন নিয়ে দ্বিতীয় এবং ১৩ জন লোকবল নিয়ে তৃতীয় শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন গঠিত হয়। নগরের আগ্রাবাদ, ইপিজেড, ডক এলাকা, লামার বাজার, নন্দনকানন, চন্দনপুরা, বায়েজিদ ও কালুরঘাটে রয়েছে প্রথম শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন। ইপিজেড, লামারবাজার, নন্দনকানন ও বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনে পানি সংগ্রহের গাড়ির সংকট রয়েছে। অপরদিকে, আটটি প্রথম শ্রেণীর ফায়ার স্টেশনের মধ্যে সাতটিতে ফায়ারম্যান, গাড়িচালক, পাচক ও ঝাড়ুদারসহ ১৫ জন লোকের ঘাটতি রয়েছে। এর মধ্যে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে তিনজন ফায়ারম্যান ও একজন গাড়িচালক, ডক স্টেশনে একজন ফায়ারম্যান ও একজন গাড়িচালক, ইপিজেড স্টেশনে একজন ফায়ারম্যান, লামারবাজারে একজন ফায়ারম্যান ও একজন ঝাড়ুদার, চন্দনপুরায় একজন ফায়ারম্যান, কালুরঘাটে দুজন ফায়ারম্যান ও একজন পাচক এবং বায়েজিদে দুজন ফায়ারম্যানের পদ খালি রয়েছে। তবে নন্দনকানন স্টেশনে কোনো ঘাটতি নেই বলে জানা গেছে। বিলুপ্ত দুটি ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে সমুদ্রগামী ফায়ার সার্ভিস স্টেশনে দুজন ফায়ারম্যান এবং নিউমুরিংয়ে তিনজন ফায়ারম্যান, একজন পাচকের সহকারী ও একজন ঝাড়ুদারের পদ খালি রয়েছে। এদিকে, নগরের আটটি ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে কেবল আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের বরাবরে মাত্র একটি রোগীর গাড়ি বরাদ্দ রয়েছে। জানা গেছে, এটি বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনে জনবল ও সরঞ্জামের স্বল্পতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি, অচিরেই সমাধান মিলবে।’