খুঁড়িয়ে চলছে মেরিনার্স সড়কের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংকটে খুঁড়িয়ে চলছে নগরের মেরিনার্স সড়কের নির্মাণকাজ। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হলেও এখনো প্রথম পর্যায়ের কাজই শেষ হয়নি। নিয়োগ দেওয়া হয়নি দ্বিতীয় পর্যায়ের কাজের ঠিকাদার। ফলে চলতি অর্থবছরের মধ্যে প্রকল্প বাস্তাবয়ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সরকারি অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১১ সালে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটি নির্মিত হলে দেশের অন্যতম বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় জলাবদ্ধতা ও যানজট কমে আসবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের সেতুঘাট এলাকা থেকে কর্ণফুলী সেতুর বশিরুজ্জামান চত্বর পর্যন্ত এই সড়ক নির্মাণ করা হবে। দুই ধাপে এর কাজ শেষ হবে। বন্দরের জায়গায় এই সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আনুষ্ঠানিক নাম হচ্ছে, ‘কন্সট্রাকশন অব রিটেনিং ওয়াল অ্যান্ড সাব-গ্রেড অ্যালং ফিরিঙ্গিবাজার টু কর্ণফুলী ব্রিজ’।
প্রায় তিন হাজার ৮০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয় আট কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১২ সালের জুন পর্যন্ত। ২০১১-১২ অর্থবছরে এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় তিন কোটি টাকা। ২০১২ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়। কিন্তু ওই বছরের মাঝপথেই অর্থসংকটের কারণে আবার নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর পর্যাপ্ত অর্থ না পাওয়ায় প্রকল্পের মেয়াদ ২০১৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এ ছাড়া সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়িয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত করা হয়। এদিকে বর্তমানে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। অথচ সরকার থেকে বরাদ্দ পাওয়া গেছে ওই একবারই—তিন কোটি টাকা।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী বশির আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় অর্থ ছাড় না হওয়ায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদী খননকাজ শুরু করে। ওই সময় খনন করা মাটি প্রকল্প এলাকায় রাখা হয়। এতে প্রায় এক বছর নির্মাণকাজ বন্ধ থাকে।’
বশির আহম্মদ আরও জানান, বন্দর কর্তৃপক্ষ প্রকল্প এলাকায় রাখা মাটি সরিয়ে নিচ্ছে। ৩ ফেব্রুয়ারি থেকে প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে।
জানা গেছে, পুরো সড়কের নির্মাণকাজ দুই ধাপে সম্পন্ন করা হবে।
প্রথম ধাপে নগরের ফিরিঙ্গিবাজার থেকে চাক্তাইয়ের চামড়া গুদাম পর্যন্ত দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের নির্মাণকাজ চলছে। পরবর্তী এক হাজার ৬০০ ফুট দৈর্ঘ্যের জন্য এখনো পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়নি।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘অর্থসংকট ও বন্দরের ড্রেজিং প্রকল্পের কারণে কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। তবে এখন প্রকল্পের প্রথম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি মার্চের মধ্যে শেষ হবে। এরপরেই ব্যবহারের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়া হবে।’
তিনি জানান, প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। ওই অংশে এখনো মাটি ভরাটের কাজ বাকি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্প-সংশ্লিষ্ট এক প্রকৌশলী বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা কঠিন হবে। আর পুরো প্রকল্পের কাজ কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না। কারণ পুরো ব্যাপারটা নির্ভর করছে অর্থ পাওয়ার ওপর।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) এই সড়কে পাঁচটি সেতু ও দুটি বক্স কালভার্ট রাখা হয়েছে। ইতিমধ্যে একটি সেতু ছাড়া অন্যগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে।