খুদে কূটনীতিকদের জমজমাট আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনে খুদে কূটনীতিকেরা আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনায় অংশ নেয়
সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনে খুদে কূটনীতিকেরা আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনায় অংশ নেয়

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছে। কমিটির আলোচনার বিষয় ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে বৈশ্বিক ঐক্য’। তুরস্কের প্রতিনিধি প্রস্তাব উত্থাপন করলেন। আলোচনার লক্ষ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে ঐকমত্যে নিয়ে আসা। শুরু হলো বিষয়ের ওপর আলোচনা এবং বিতর্ক। চীন, জার্মানি, ভারত, ইরান ও ফ্রান্সসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরল। দীর্ঘ আলোচনার পর কমিটির ভোটাভুটি পর্বে পাস হয় প্রস্তাবটি।
নিউইয়র্ক, জেনেভা, দা হেগ বা ভিয়েনায় নয়, এই অধিবেশনটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। আর অধিবেশনে ঝানু কূটনীতিকদের ভূমিকা নিয়েছে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দৃষ্টি আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনে এভাবেই যুক্তির অস্ত্রে শাণ দিয়েছিল খুদে কূটনীতিকেরা। তিন দিনের উপভোগ্য এই আয়োজন চলে ১৩ থেকে ১৫ অক্টোবর। নগরের বিভিন্ন বিদ্যালয়ের ২৫৬ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

আয়োজনে সমাপনী দিনে গান পরিবেশন করে কয়েকজন শিক্ষার্থী
আয়োজনে সমাপনী দিনে গান পরিবেশন করে কয়েকজন শিক্ষার্থী

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আসরের নাম ছিল দৃষ্টি চট্টগ্রাম জুনিয়র মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স। আসরে শিক্ষার্থীরা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের হয়ে আলোচনায় অংশ নেয়। সন্ত্রাসবাদ, নবায়নযোগ্য জ্বালানি, সামাজিক ব্যবসাসহ নানা আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়।
তিন দিনের সম্মেলন শেষে ১৫ অক্টোবর রাতে নগরের হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত হয় সাধারণ পরিষদের সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংসদ ওয়াসেকা আয়েশা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্পপতি নাদের খান, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও বারকোড ক্যাফে গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক।
সাংসদ ওয়াসিকা আয়েশা খান সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নতুন প্রজন্মের প্রতিনিধিরা সব সময় আমাদের উৎসাহিত করে। তরুণেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এ সম্মেলন থেকে অংশগ্রহণকারীরা যা শিখেছে, সেটা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে। সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।’
আলোচনা সভা শেষে ছয়টি কমিটির সেরা প্রতিনিধিদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সমাপনী ও পুরস্কারবিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বন কুসুম বড়ুয়া নুপুর, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম।
এর আগে ১৩ অক্টোবর বিকেলে সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। সম্মেলন আয়োজন সম্পর্কে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, দৃষ্টি বরাবরই নতুন কিছু করার তাগিদ অনুভব করে। বিতর্ক ও অন্যান্য সহপাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি প্রথমবারের মতো জুনিয়র ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জাতিসংঘের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।
এই আয়োজনে সহযোগিতায় ছিল দৈনিক ডেইলি স্টার, আজাদী ও বারকোড ক্যাফে। সম্মেলনের ভেন্যু সহযোগী ছিল চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়।