খুদে প্রযুক্তিবিদের চমকপ্রদ দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের দ্য হেগে সাইবার নিরাপত্তা সম্মেলন চলছিল। সেখানে গত মঙ্গলবার রুবেন পল নামের ১১ বছর বয়সী এক শিশু ও তার টেডি বিয়ারের কাজকর্ম দেখে শত শত দর্শকের তাক লেগে গেল। বিশ্ব ফোরামের বিশাল মঞ্চে সে বলল, উড়োজাহাজ থেকে মোটরগাড়ি, স্মার্টফোন থেকে স্মার্ট বাড়ি, যেকোনো জিনিস বা যেকোনো খেলনাই এখন ইন্টারনেট অব থিংসের (আইওটি) অংশ হতে পারে। টারমিনেটর থেকে টেডি বিয়ার, যেকোনো খেলনাকেই অস্ত্রে রূপান্তর করা সম্ভব।
শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিতে পল নিজের ফুটফুটে টেডি বিয়ারটিকে সামনে নিয়ে এল। এটি ওয়াই-ফাই ও ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে আইক্লাউড নামের অনলাইন তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত। এই স্মার্ট প্রযুক্তিতে খেলনাটি বার্তা আদান-প্রদান করতে পারে।
একটি ল্যাপটপ চালিয়ে ‘রাস্পবেরি পি’ নামের একটি ছোট্ট ক্রেডিট কার্ড আকৃতির অদ্ভুত যন্ত্রের সংযোগ ঘটিয়ে গোটা মিলনায়তনের সব ব্লুটুথযুক্ত যন্ত্র স্ক্যান করল। তারপর আচমকা প্রত্যেকের ফোন নম্বর ডাউনলোড করে নিল। শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই নজরদারি থেকে বাদ যাননি। তারপর পাইথন নামের একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ব্যবহার করে পল ব্লুটুথের সাহায্যে নিজের টেডি বিয়ার হ্যাক করে এর একটি বাতি জ্বালিয়ে দেখাল। তারপর দর্শকদের কাছ থেকে আসা একটা অডিও বার্তা রেকর্ড করল।
রুবেন পল বলল, ‘বেশির ভাগ ইন্টারনেটযুক্ত জিনিসে ব্লুটুথ প্রযুক্তি কাজ করে। আমি শুধু দেখিয়ে দিলাম, কীভাবে এটার সঙ্গে যুক্ত হওয়া যায় এবং নির্দেশনা পাঠিয়ে অডিও রেকর্ড এবং আলো জ্বালানো যায়। আইওটি প্রযুক্তির ঘরোয়া জিনিসপত্র দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী। আমাদের মোটরগাড়ি, বাতি, রেফ্রিজারেটর—সবকিছুই এভাবে যুক্ত করে নিয়ে সেগুলোর সাহায্যে নজরদারি করা সম্ভব।’
অল্প বয়সেই তথ্যপ্রযুক্তির বিদ্যায় হাত পাকিয়েছে রুবেন পল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে সে।
বাবার কাছ থেকে কার্যকারণ ব্যাখ্যা শুনে শুনে খেলাচ্ছলে স্মার্টফোন নাড়াচাড়া করেই রুবেন পল জনপ্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ডসের সমাধান পদ্ধতি বের করে ফেলেছে। ছেলের পারদর্শিতা সম্পর্কে বাবা মানো পল বললেন, ‘ও বরাবরই আমাদের চমকে দেয়। কিছু শেখাতে চাইলে দ্রুত সেটা শেষ করে নিজেও নতুন কিছু শেখাতে শুরু করে দেয়।’