খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের সোহরাব রেজা তার উদ্ভাবিত ‘মেগা মস্কিউটো ​ক্যাচার’ যন্ত্র দেখাচ্ছে দর্শনার্থীদের l প্রথম আলো
চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের সোহরাব রেজা তার উদ্ভাবিত ‘মেগা মস্কিউটো ​ক্যাচার’ যন্ত্র দেখাচ্ছে দর্শনার্থীদের l প্রথম আলো

কয়েল বা ক্ষতিকর কোনো কীটনাশক ছাড়াই মশা দমন হবে ‘মেগা মস্কিউটো ক্যাচার’ নামের প্রযুক্তি ব্যবহার করে। মাত্র ১৫০ টাকা খরচ করে বানানো এই প্রযুক্তি কাজ দেবে সারা বছর। মশা দমনের এই স্বাস্থ্যসম্মত উপায় উদ্ভাবন করেছে কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী টি এম সোহরাব রেজা।
১৯ ও ২০ এপ্রিল চকরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সোহরাবের মতো খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন নজর কেড়েছে দর্শকদের। মেলার আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন। মেলায় তৃণমূলের শিশু-কিশোদের উদ্ভাবনী ভাবনা সমৃদ্ধ এক ভবিষ্যতেরই ছবি আঁকল।
মেলায় সবার নজর কেড়েছিল মশা দমনের স্বাস্থ্যসম্মত প্রযুক্তি। কীভাবে কাজ করে ব্যাখ্যা করতে গিয়ে খুদে উদ্ভাবক টি এম সোহরাব রেজা বলে, ৩২ ইঞ্চি বাক্সের ভেতর একটি কার্বন ডাই–অক্সাইড সিলিন্ডার, একটি বাল্ব, একটি একজস্ট ফ্যান, ব্যাটারি ও পানি দিয়ে এই প্রযুক্তি তৈরি করা যায়। বাক্সের সিলিন্ডার থেকে কার্বন ডাই–অক্সাইড বের হলে এবং বাল্বটি জ্বললে চালু হয় যন্ত্র। একই সঙ্গে চালু হয় বাক্সের তলায় থাকা একজস্ট ফ্যান।
সোহরাব জানায়, নিঃশ্বাসের সঙ্গে ফেলা কার্বন ডাই–অক্সাইড ও তাপের তারতম্য দিয়ে মশা মানুষের উপস্থিতি শনাক্ত করে। তাই বাক্স থেকে বের হওয়া তাপ ও কার্বন ডাই–অক্সাইড মশাকে আকর্ষণ করে। মশা বাক্সে ঢুকলে ভেতরে থাকা একজস্ট ফ্যান সেটিকে টেনে নিচে রাখা পানির পাত্রে ফেলে। ফলে দ্রুত মশা মারা পড়ে।
চকরিয়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। স্টলের সংখ্যা ছিল ৩৩। মেলায় ভবনের ধ্বংসস্তূপে আটকেপড়া মানুষকে পথ দেখাতে একটি রোবট উদ্ভবনের কথা জানিয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী রিশাদুল ইসলাম। এ ছাড়া সুনামি থেকে রক্ষা পেতে শহর রক্ষা বাঁধ, সৌরশক্তির মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তি, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, জ্বালানি সাশ্রয়ী উন্নত চুলা, বায়োগ্যাস প্রযুক্তি, টিস্যু কালচার, স্পিরুলিনা চাষপদ্ধতিসহ নানা প্রকল্প প্রদর্শিত হয়।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে উদ্ভাবনী চিন্তাভাবনার পরিচয় দিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়। উপজেলার সাধারণ মানুষের মধ্যে এই মেলা ব্যাপক সাড়া জাগিয়েছে।’
মেলা উদ্বোধনের আগে ১৯ এপ্রিল সকালে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞন ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম। আলোচনা অংশ নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও বরইতলী ইউপির চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী।
সেমিনারে নানা প্রযুক্তি বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আক্তার হামিদ দেওয়ান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাশহুদুর রহমান, মো. আহসান হাবিব, চমল কুমার রায়, শহিদুল ইসলাম ও বেলাল উদ্দিন।