খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন

রাঙামাটিতে বেড়াতে আসার আগেই অ্যাপসের মাধ্যমে পর্যটকেরা আবাসিক হোটেল-মোটেলে কক্ষ ভাড়া করতে পারবেন। এ ছাড়া পর্যটন শহর রাঙামাটিতে এসে কোনো পর্যটক বিপদে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন। পর্যটকবান্ধব এই অ্যাপসের নাম ‘টুরিস্ট হেলপার গাইড অ্যাপস’। রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ বিজ্ঞান শাখার ছাত্র তানজিম ইবনে পাটোয়ারির উদ্ভাবিত মুঠোফোনের এই অ্যাপস এবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেরা প্রকল্প হিসেবে মনোনীত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ২৬ জানুয়ারি শেষ হওয়া তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে তাক লাগানো নানা প্রযুক্তি হাজির করেছে তানজিমের মতো খুদে উদ্ভাবকেরা। এই মেলায় এবার রাঙামাটির ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। উদ্ভাবনের এই আসরে শিক্ষার্থীরা চালকবিহীন ড্রোন বিমান, বায়োগ্যাস প্ল্যান্ট ও প্রাকৃতিক হিমাগারের মতো নজরকাড়া প্রকল্প হাজির করেছে দর্শকদের সামনে।
২৫ জানুয়ারি জেলা প্রশাসন চত্বরে গিয়ে নানা বয়সের প্রচুর দর্শকের দেখা মিলেছে। প্রদর্শনীর স্টলগুলোর সামনে ভিড় করে শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছিলেন তারা। কথা হয় মেলার সেরা উদ্ভাবক তানজিম ইবনে পাটোয়ারির সঙ্গে। সে জানায়, রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের সুবিধার কথা ভেবেই অ্যাপস তৈরি করেছে সে। এই অ্যাপসে রাঙামাটির বিভিন্ন হোটেল, মোটেল, রেস্তোরাঁ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসের ফোন নম্বরও দেওয়া হয়েছে। এ ছাড়া মানচিত্র দেখে হোটেল-মোটেলের স্থান চিহ্নিত করা যাবে।
রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাতিন ইশতিয়াক ও মো. তুরাগ হোসেনের স্টলের সামনেও দেখা গেল দর্শকদের জটলা। তারা দেখাচ্ছিল চালকবিহীন হেলিকপ্টার। এই হেলিকপ্টারের বিশেষত্ব কী? প্রশ্ন করলে ফাতিন ও তুরাগ জানায়, তাদের হেলিকপ্টারটি জ্বালানি সাশ্রয়ী ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায়। এটি উড়ন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে বাতাসের শক্তি থেকে চার্জ সংগ্রহ করতে পারবে। এই হেলিকপ্টারের কারিগরি দিক আরও অনেক উন্নতি করা সম্ভব। বর্তমানে প্রতি সেকেন্ডে ১০ ইঞ্চি করে এগিয়ে যেতে পারে এটি এবং একনাগাড়ে ৩০ মিনিট চলতে পারে। হেলিকপ্টারটির মাধ্যমে দুর্ঘটনাস্থলের ছবি নিখুঁতভাবে তোলা সম্ভব হবে বলে তাদের দাবি।
একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আইমান উদ্দিন ও আসিফ ইমতিয়াজ তৈরি করেছে চালকবিহীন ড্রোন বিমান। লেকার্স পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী রিবেং চাকমা ও দেবস্মিতা চাকমার স্বপ্ন বিদ্যুৎবিহীন প্রত্যন্ত পাহাড়ি এলাকাকে আলোকিত করা। এ জন্য পরিত্যক্ত জুসের ক্যান দিয়ে সহজে বহনযোগ্য বাতি বানিয়েছে তারা। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ছিল কৃষকদের নিয়ে। দুর্গম এলাকাগুলোতে প্রতিবছরই প্রচুর খাদ্যশস্য ও ফসল সংরক্ষণের অভাবে নষ্ট হয়। এ সমস্যা দূর করতে তারা উদ্ভাবন করেছে বিদ্যুৎবিহীন ‘প্রাকৃতিক হিমাগার’।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক শান্তনু চাকমা জানান, মেলায় নানা প্রকল্প তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জনের বেশি ছাত্রছাত্রী। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়ারই লক্ষণ। প্রকল্প প্রদর্শন ছাড়াও মেলা উপলক্ষে আয়োজন করা হয় সেমিনার এবং বিতর্ক প্রতিযোগিতা।
প্রকল্প প্রদর্শনীতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে লেকার্স স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রাঙামাটি সরকারি কলেজ। স্কুল পর্যায়ে প্রথম হয়েছে শহীদ আবদুল আলী একাডেমি, দ্বিতীয় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়।
২৬ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।