লেবুর রস থেকে বিদ্যুৎ তৈরি! শুনে একটু অবাক হওয়ার কথা। তবে আদতে তা করে দেখিয়েছে মিরসরাই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পাশে জ্বালানি ছাড়া পানি ও বায়ু দিয়ে এক্সকাভেটর চালিয়ে দেখায় প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আবার ঘরের পরিত্যক্ত জিনিস দিয়ে ব্ল্যান্ডার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এক ছাদের নিচে খুদে বিজ্ঞানীরা প্রদর্শন করেছে তাদের প্রকল্প। ১০ মে প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজে বসে খুদে বিজ্ঞানীদের এই আসর। মেলা উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ কবির হোসেন চৌধুরী।
প্রকল্প প্রদর্শন করে মেলায় প্রথম হয় আবুতোরাব উচ্চবিদ্যালয়, দ্বিতীয় প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ ও তৃতীয় হয়েছে জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবসার জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এই আয়োজন। তিনি জানান, একটি কলেজ ও ১৬টি উচ্চবিদ্যালয় মেলায় অংশ নেয়। এখানে ৪১টি প্রকল্প খুদে বিজ্ঞানীরা প্রদর্শন করে।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল ও বিজ্ঞান মেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১২ মে সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মো. ইলিয়াছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মো. বশিরুল আলম ও উপজেলা এনজিও সমন্বয়কারী মোহাম্মদ নোমান।
মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ৩১টি স্টল স্থান পায়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, বির্তক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৩ মে বিকেলে সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। সমাপনী দিনে উপস্থিত বক্তৃতায় আটজন, বির্তকে ১২ জন, কুইজের তিনজন, তিনটি স্টলসহ সরকারি-বেসরকারি ৫০টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।