খুদে বিজ্ঞানীদের নজরকাড়া উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবে প্রদর্শিত প্রকল্পে নগরের সমস্যা সমাধানের পথ বাতলে দিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা l সৌরভ দাশ
খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবে প্রদর্শিত প্রকল্পে নগরের সমস্যা সমাধানের পথ বাতলে দিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা l সৌরভ দাশ

যানজটে নষ্ট হচ্ছে শ্রমঘণ্টা। আবার ভুগতে হয় জলাবদ্ধতায়। এসব ভোগান্তির সঙ্গে রয়েছে বিদ্যুতের আসা-যাওয়া। এই তো আমাদের নগরজীবন। এর থেকে মুক্তি কি মিলবে না? হ্যঁা মিলবে। বিভিন্ন প্রকল্পে আশার সেই কথা শোনাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে নগরের নানা সমস্যা সামাধানের ৭২টি প্রকল্প প্রদর্শন করে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৬ শিক্ষার্থী। ১ সেপ্টেম্বর নগরের রীমা কনভেনশন সেন্টারের এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা।
উৎসবে ‘গ্রিন চট্টগ্রাম’ প্রকল্প উপস্থাপন করে গ্রিন বাংলাদেশ মডেল বিদ্যালয়ের তিন ছাত্র আদনান সাকিব, তাহমিদ শরীফ ও খান মো. রাইয়ান। চট্টগ্রাম নগরকে পরিকল্পিত উপায়ে কীভাবে গড়ে তোলা যায়, এই ধারণা দেওয়া হয়েছে প্রকল্পে। তারা জোর দিয়েছে নির্ধারিত স্থানে আবাসিক ও শিল্প স্থাপনা নির্মাণ; জলাশয় ও পাহাড় সংরক্ষণ করা ইত্যাদি।
প্রকল্পের বিস্তারিত বিবরণ দিয়ে তিন শিক্ষার্থী জানায়, চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। জলাশয় ভরাট করে অপরিকল্পিত ভবন নির্মাণ করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই প্রকল্পে সুন্দর ও বাসযোগ্য নগরের চিত্র তুলে ধরা হয়েছে।
দিনের বেলায়ও সড়কবাতি জ্বলতে দেখা যায় নগরের বিভিন্ন এলাকায়। এতে অপচয় হচ্ছে বিদ্যুৎ। এই সমস্যা দূর করার উপায় বের করেছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির তিন ছাত্র। ‘অটোমেশন অব লাইট’ নামের একটি যন্ত্র তৈরি করেছে তাইমুম ইবনে সাঈদ, মানসিব দাইয়ান ও মো. মঈনউদ্দিন। সড়কবাতির সঙ্গে একটি বক্স যুক্ত থাকবে। সেখানে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে নিভে যাবে সড়কবাতি। এসব বাতি নেভানোর জন্য তখন আলাদা করে কাউকে নিয়োগ দিতে হবে না। এতে আর বিদ্যুতের অপচয় হবে না।
উৎসবের এসব প্রকল্প নজর কাড়ে অতিথি ও শিক্ষার্থীদের। বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ যে এখনো বেশি তার প্রমাণ মেলে উৎসবে। ঝড়-বৃষ্টির প্রতিকূল আবহাওয়ায় উৎসবে নিবন্ধন করে ৬১৬ শিক্ষার্থী।
কনভেনশন সেন্টারের বাইরে অতিথিদের বেলুন ওড়ানোর মাধ্যমে সূচনা হয় উৎসবের। এরপর ভেতরে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েেন্সস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। জাতীয় সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। দুপুরে অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী পর্বের পর প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এই তিন বিভাগে ৪০০ শিক্ষার্থী ৩০ মিনিটের কুইজে অংশ নেয়। এরপর শিক্ষার্থীরা মেতে ওঠে বিজ্ঞানের ‘আনন্দ’ পর্বে।
এই পর্বে শিক্ষার্থীরা বিজ্ঞান নিয়ে কৌশলী প্রশ্ন করে। প্রশ্নগুলো মজারও ছিল। অতিথির কাছে শিক্ষার্থীরা জানতে চায়, কাগজের পাতিলে চা বানানো কি সম্ভব? একটি খালি বোতল ও একটি পানিভর্তি বোতল ওপর থেকে ছেড়ে দিলে কোনটা আগে পড়বে। পৃথিবীর চার দিকে চাঁদ ঘোরে, কিন্তু পৃথিবীর দিকে চাঁদকে টেনে নামিয়ে না আনার কারণ কী?
সবশেষে ফলাফলে বিজ্ঞান কুইজে ৩১ জন এবং বিজ্ঞান প্রকল্পে ৩৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়।