খুদে বিজ্ঞানীদের নজরকাড়া উদ্ভাবন

ভূমিকম্পে একচুলও নড়বে না ঘর। সোলার প্যানেলে ঘরেই উৎপন্ন হবে বিদ্যুৎ। আবর্জনার বায়োগ্যাসে জ্বলবে চুলা। থাকবে সুরক্ষিত নিরাপত্তাব্যবস্থাও। এমন একটি ঘর হলে কেমন হয়? সবারই উত্তর হবে ‘হ্যঁা’। কিন্তু কীভাবে সম্ভব? একসঙ্গে এত সুবিধা থাকবে? সেই প্রশ্নের উত্তর আছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দুই খুদে শিক্ষার্থী উৎসব দে ও সফওয়ানুল করিমের কাছে। তাদের বাতলে দেওয়া নকশায় এ রকম একটি ঘরের স্বপ্ন দেখতেই পারেন।
তারা এই প্রকল্পটির নাম দিয়েছে ‘মেগা হোম’। নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩ ও ৪ এপ্রিল অনুিষ্ঠত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয় প্রকল্পটি। মেলায় শিশু-কিশোরদের বেশ কিছু প্রকল্প নজর কেড়েছে দর্শকদের।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভাগীয় কমিশনার কার্যালয় এই মেলার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট। মেলায় ২২৫ জন শিক্ষার্থীর ২১৪টি প্রকল্প স্থান পায়।
মেলায় ‘উড়ন্ত মানুষ’ প্রকল্পের মতো ভিন্নধর্মী প্রকল্পও দেখা গেছে। এটির উদ্ভাবক চঁাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী মো. মোস্তফা কামাল। আবার সুনামি প্রতিরোধমূলক দেয়াল তৈরির মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পের চিত্রও দেখা গেছে। এই প্রকল্পটি উদ্ভাবন করেছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির চার শিক্ষার্থী সাবরিনা জসিম, সানজিদা আক্তার, ফাবিহা তাসনীম ও জোমাইনা বিনতে হানিফ।

তারা বলে, ‘গত এক যুগে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া সুনামির ধ্বংসযজ্ঞের কথা ভেবে আমরা এখনো আঁতকে উঠি। আমাদের দেশও সুনামির আশঙ্কার মধ্যে আছে। এ থেকেই মূলত আমরা এ রকম একটি প্রকল্প তৈরির চিন্তা করেছি। এই প্রকল্পে তিনটি দেয়াল থাকবে। সুনামির উচ্চতার ওপর ভিত্তি করে দেয়ালগুলো তৈরি হবে।’
সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তারিক আমিন চৌধুরী, মো. সালাহ উদ্দিন, এলেক্স অ্যালবার্ট ও পাপাই সেন তৈরি করেছে ‘ডিজিটাল লাইফ’ নামের একটি রোবট। রোবটটি ছোট্ট হলে কি হবে, এটি কাজ করবে বড় পর্যায়ে। যেখানে মানুষ যেতে পারবে না সেখানে গিয়ে তথ্য আনবে এটি। মুঠোফোনেই নিয়ন্ত্রণ করা যাবে তাকে।
এ তো গেল ছোটদের প্রকল্প। এবার বড়দের প্রকল্পের দিকে আসা যাক। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী মো. সোহেল ইসলাম, মো. বেলাল উদ্দিন ও মো. ওসমান গণি তৈরি করেছেন আধুনিক পদ্ধতিতে আগুন নির্বাপণযন্ত্র। এই তিন শিক্ষার্থী বলেন, ‘এ ব্যবস্থায় আমাদের তৈরি করা কিছু সার্কিট শিল্পকারখানায় স্থাপন করা থাকবে। সেখানে একটি মুঠোফোনও সংযুক্ত থাকবে। কারখানায় আগুনের উৎপত্তি হলেই সেখানে থাকা মুঠোফোনে আগে থেকে সংযুক্ত করে দেওয়া ফোন নম্বরে কল চলে আসবে। সেই নম্বরে ফিরতি আরেকটি ফোন দিলেই পানি সরবরাহ শুরু হয়ে যাবে।’
মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের বলেন, ‘আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার যে, ছোট ছোট ছেলেমেয়েরা এখন শুধু মুখস্থ করার চিন্তা বাদ দিয়ে কিছু উদ্ভাবন করার কথাও ভাবছে। এত কম বয়সে তাদের চিন্তাধারণা খুবই স্বচ্ছ, তা মেলায় প্রদর্শিত হওয়া নানা প্রকল্প থেকেই বোঝা যায়। এর মাধ্যমে বিজ্ঞানের প্রতি ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে, পাশাপাশি দেশও সমৃদ্ধির পথে এগোচ্ছে। প্রশিক্ষণ পেলে এরা অনেক দূর যাবে।’