খুদে বিজ্ঞানীদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় প্রদর্শিত কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদের তৈরি একটি প্রকল্প  প্রথম আলো
মেলায় প্রদর্শিত কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদের তৈরি একটি প্রকল্প প্রথম আলো

পলিথিন ও গাছের গুঁড়া থেকে জ্বালানি। তার পাশে ডিজিটটাল বিদ্যুৎ প্রকল্প। আর একটু এগোলে নিরাপদ পাহাড়ি সড়ক। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এমন সব প্রকল্প জানান দিচ্ছে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির। তিন দিনের জমজমাট বিজ্ঞান মেলায় প্রদর্শিত হয় এসব প্রকল্প। ১০ এপ্রিল সন্ধ্যায় শেষ হয়েছে মেলা। ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫৩টি নতুন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে তিনটি বিভাগে নয়টি প্রকল্প সেরা নির্বাচিত হয়। জেলা প্রশাসক মো. রুহুল আমিন সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।
ছোটদের গ্রুপে (ষষ্ঠ থেকে দশম) প্রথম হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী লোপা চৌধুরীর দল। তাদের প্রকল্প পলিথিন ও গাছের গুঁড়া থেকে জ্বালানি উৎপাদ প্রকল্প, দ্বিতীয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র আসিফুল হাসানের দল। তাদের প্রকল্প পরিবেশবান্ধব কলকারখানা। তৃতীয় কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমির ছাত্রী তাহরিনা আকতারের দল, প্রকল্প পরিত্যক্ত জলাশয়ে সবজি চাষ।
জ্যেষ্ঠ গ্রুপে (কলেজ ও মাদ্রাসা) প্রথম হয়েছে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সাদমান সাকিবের দল, প্রকল্প প্রোডাকশন অব ইলেকট্রোসিটি ইন ডিফারেন্স ওয়েস। দ্বিতীয় কক্সবাজার সিটি কলেজের ছাত্র সাইফুল ইসলামের দল, প্রকল্প ডিজিটাল বিদ্যুৎ প্রকল্প ও তৃতীয় কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী জান্নাতুল মাওয়ার দল, প্রকল্প সূর্যবাতি উপস্থাপন।
বিশেষ গ্রুপে প্রথম হয়েছে ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের অগ্নিনির্বাপক ফোম প্রকল্প। দ্বিতীয় কুলকুড়ি বিজ্ঞান চক্রের নিরাপদ পাহাড়ি সড়ক ও তৃতীয় ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের সরল টেরিস্কোপ প্রকল্প। কলেজছাত্র সাদমান সাকিব বলে, ‘কম সময়ে একেবারে খেলার ছলে প্রোডাকশন অব ইলেকট্রিসিটি প্রকল্পটি তৈরি করি। প্রথম সেরা হব ভাবতেও পারিনি।’ মাদ্রাসাছাত্রী জান্নাতুল মাওয়া বলে, সুযোগ পেলে অনেকে মেধাকে কাজে লাগাতে পারে তার প্রমাণ এই মেলা।
মেলা পরিদর্শন করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের সমাগম। বিশেষ করে প্রকল্পগুলো দেখানোর জন্য অভিভাবকেরা ছোট ছেলেমেয়েদের নিয়ে মেলায় হাজির হয়েছেন।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম কুদ্দুস জানায়, শহরের নানা উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে ‘পরিকল্পিত কক্সবাজার শহর’ প্রকল্প এবং ভবিষ্যৎ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে নিয়ে যেতে ‘থি-ডি প্রকল্প’ এবং শহরের বাসিন্দাদের পরিবেশবান্ধব বসবাস নিশ্চিত করতে ‘আদর্শ খামারবাড়ি প্রকল্প উপস্থাপন করেছি আমরা কয়েকজন বন্ধু মিলে।’
একই শ্রেণীর ছাত্র অরিন্দম বড়ুয়া, জয় চক্রবর্তী ও মুমিনুল ইসলাম জানায়, এ ধরনের মেলা তাদের মেধা বিকাশে ভূমিকা রাখবে
মেলায় পরিকল্পিত কক্সবাজার শহর. পরিকল্পিত লিংকরোড শিল্পায়ন, বায়োগ্যাস প্ল্যান্ট, জলাবদ্ধতা নিরসন, পরিত্যক্ত প্লাস্টিক থেকে নাইলন সুতা তৈরি, আধুনিক জ্বালানি, পরিবেশবান্ধব বিজ্ঞান, ভটিক্যাল অ্যাকুরিয়াম পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প দর্শকদের নজর কাড়ে।