খুদে বিজ্ঞানীদের মেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা গত সোমবার শেষ হয়েছে। উপজেলার নারিকেলতলায় ২২ মার্চ সকালে মেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। মেলায় ১১টি বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থী তাদের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন করে।
মেলায় সব চেয়ে আলোচিত প্রকল্প ছিল পেট্রলবোমা প্রতিরোধী গাড়ি। চকরিয়া কোরক বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশাদুল ইসলাম এই প্রকল্প উদ্ভাবন করে। রিশাদুল বলে, ‘সম্প্রতিক সময়ে যত্রতত্র যানবাহনে পেট্রলবোমা মারা হচ্ছে। এতে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। এ থেকে কীভাবে মানুষকে মুক্ত করা যায়, সে চিন্তা থেকে গাড়িতে পেট্রলবোমা প্রতিরোধের কৌশল বের করেছি।’ প্রকল্প অনুযায়ী পেট্রলবোমা প্রতিরোধী গাড়ি তৈরি করতে হলে গাড়িতে কার্বন ডাই–অক্সাইড গ্যাসের সিলিন্ডারের সঙ্গে একটি পাতলা নল সংযুক্ত করতে হবে। এ নল দিয়ে পুরো গাড়িকে আবৃত করতে হবে। যখন গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হবে, তখন পাতলা নলটি ফেটে কার্বন ডাই–অক্সাইড গ্যাস বের হয়ে আগুন নিভে যাবে। এতে মানুষ ও যানবাহনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। গাড়িকে অগ্নিপ্রতিরোধী করতে খরচ পড়বে মাত্র সাত থেকে আট হাজার টাকা।
এ ছাড়া মেলায় চারটি সেন্সর ব্যবহার করে রাস্তার মোড়ে দুর্ঘটনা প্রতিরোধ, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় শব্দদূষণ প্রতিরোধ, বিদ্যুৎশক্তি অপচয় রোধ, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, পচনশীল আর্বজনা থেকে বিদ্যুৎ ও গ্যাস উদ্ভাবনের কৌশলসহ নানা প্রকল্প প্রদর্শন করা হয়। মেলায় অংশ নেয় চকরিয়া কোরক বিদ্যাপীঠ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বি এম চর উচ্চবিদ্যালয়, জি এন এ মিশনারি উচ্চবিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, বহদ্দার কাটা উচ্চবিদ্যালয়, ডুলাহাজার কলেজ ও বদরখালী কলেজ। এ ছাড়া উপজেলা ডিজিটাল সেন্টার, চকরিয়া পৌর ডিজিটাল সেন্টার, ১৮ ইউনিয়নের ২২টি ডিজিটাল সেন্টার ও কয়েকটি উন্নয়ন সংস্থা মেলায় অংশ নেয়। মেলায় বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চকরিয়া কোরক বিদ্যাপীঠ।