খুদে শিল্পীদের কণ্ঠজাদুতে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোর হোলো/ দোর খোলো/ খুকুমণি ওঠো রে!/ ঐ ডাকে/ জুঁই–শাখে/ ফুল–খুকি ছোট রে’—খুদে শিল্পীদের কণ্ঠে সমবেত উচ্চারণ। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল মঞ্চে। শুরুর এমন মুগ্ধতার আবেশ ছিল শেষ পর্যন্ত।
১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমীতে তারুণ্যের উচ্ছ্বাস চতুর্থ বারের মতো আয়োজন করে শিশু আবৃত্তিশিল্পীদের নিয়ে অনুষ্ঠান ‘হিং টিং ছট’। প্রথম পরিবেশনা শেষে প্রদীপ জ্বেলে অনুষ্ঠান উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান। সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শ্রাবণী দাশগুপ্ত।
এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছয়টি কবিতা নিয়ে শিশুরা পরিবেশন করল ‘আলোর পাখির গান’। এরপর ইসরাত জাহান আবৃত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লুকোচুরি’, স্বাগতা চৌধুরীর কণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘তালগাছ’ ও মুনেম শাহরিয়ার করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জানাজানি’। এবার বৃন্দ পরিবেশনায় রূপকথার কবিতা, যা দক্ষিণারঞ্জণ মিত্রের ‘রূপতরাসী’ থেকে নেওয়া। তারপর মিফতাহুল জান্নাত কাজী নজরুল ইসলামের ‘খোকার গপ্পো বলা’ ও তুর্নেশা সাহা আবৃত্তি করে আল মাহমুদের ‘পাখির কাছে ফুলের কাছে’।
‘ছড়ার গাড়ি’ শীর্ষক ১০টি শিশুতোষ ছড়া নিয়ে পরিবেশন করা হয় আরও একটি মনোমুগ্ধকর দলীয় পরিবেশনা। এরপর আল বাকী সুকুমার রায়ের ‘ঠিকানা’ ও অপি দেবী পরিবেশন করে বিশ্বজিৎ চৌধুরীর ‘পাখির সঙ্গে’। এককের পর বৃন্দ পরিবেশনায় শিল্পীরা পরিবেশন করে ‘একুশ-একাত্তর-বাংলাদেশ’। রাশেদ রউফের ১০টি কবিতা নিয়ে এই প্রযোজনার সাজানো হয়। একক পরিবেশনায় কাবেরী দাশ, অর্পিতা মুহুরী, আল হাদী আকন ও মৃত্তিকা সাজী আরও চারটি কবিতা আবৃত্তি করে।