
জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়েছে চাঁদ, সেদিকে তাকিয়ে চাঁদকে ডাকছে একটি মেয়ে। আট বছর বয়সী খুদে শিল্পী তাবাসসাম সিকদারের এমন ছবি দেখে মুগ্ধ দর্শকেরা। কেবল তাবাসসাম নয়, সব খুদে শিল্পীই যেন বুঝিয়ে দিল সৃজনশীলতায় বড়দের চেয়ে কম নয় ওরা।
খুদে শিল্পীদের আঁকা ছবি নিয়ে এমন মুগ্ধতা ছড়ানো প্রদর্শনীর আয়োজন করে চারুশৈলী আর্ট স্কুল। গত ২৫ সেপ্টেম্বর নগরের শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে শুরু হয় এই প্রদর্শনী। চারুশৈলীর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনসুর–উল–করিম। উপস্থিত ছিলেন শিল্পী নাছিমা আক্তার, জেসমিন আক্তার, আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া, বিজন মজুমদার প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত সভায় সঞ্চালক ছিলেন কঙ্কন দাশ ও সভাপতিত্ব করেন লক্ষ্মী ধর। আলোচনা অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেয় খুদে শিল্পীরা। প্রদর্শনীতে শিশু-কিশোরদের ২৪টি ও শিক্ষকদের ১৬টি ছবিসহ মোট ৪০টি চিত্রকর্ম স্থান পায়। রংতুলিতে খুদে শিল্পীদের কেউ এঁকেছে গ্রামের দৃশ্য। আবার কেউ নিজেদের প্রিয় গেম ও কার্টুনের চরিত্রও তুলে ধরেছে।
শিশুদের পাশাপাশি চারুশৈলী আর্ট স্কুলের পরিচালক লক্ষ্মী ধর, শিক্ষক নয়ন চৌধুরী, আরিফা কবির ও পুনম দাশ গুপ্তার আঁকা ছবি স্থান পায়।
প্রদর্শনী প্রসঙ্গে জানতে চাইলে চারুশৈলী আর্ট স্কুলের পরিচালক লক্ষ্মী ধর প্রথম আলোকে বলেন, ‘শিশুরা চিত্রকলার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে। আর তাদের এই প্রকাশকে সবার সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস।’