শপথের ব্যানারে আমি দুটি শপথবাক্য লিখেছিলাম। এক. আমাদের বাসার কাজের মেয়েকে আমি লেখাপড়া শেখাব, দুই. নিজের পড়া নিজে পড়ব, প্রাইভেট কিংবা কোচিং করব না।আমাদের কাজের মেয়েটির নাম মালা। সে আমাদের বাসায় আসার পরপরই আমি তাকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। সে কাজের ফাঁকে আমার কাছে পড়ে। সে এখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি শপথের দিন থেকে তাকে নতুন উদ্যমে আমার মতো করে পড়াতে লাগলাম। পড়ায় তার বেজায় আগ্রহ। সে আগেভাগেই তার কাজ সেরে বই নিয়ে পড়তে বসে যায়। তাকে পড়াতে খুব ভালো লাগে আমার। কারণ, সে অল্পতেই পড়া শিখতে পারে। কাজের মধ্যেও সে গুনগুনিয়ে পড়া আওড়ায়। গত ঈদের আগে আমি মালাকে বলেছিলাম, ঈদের পরের সপ্তাহে তোমার পরীক্ষা নেব। ৮০ শতাংশের বেশি নম্বর পেলে তুমি পাবে আকর্ষণীয় পুরস্কার। সে খুশিতে মাথা কাত করে বলেছিল, ‘আইচ্ছা।’ আশ্চর্যের ব্যাপার, তারপর দেখি, সে গোপনে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে পড়া শুরু করে দিল।পরীক্ষা নিলাম। তার খাতা দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে হলো, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া কোনো ছাত্রীর খাতা দেখছি আমি। সে চারটি বিষয়ে গড়ে ৮৩ শতাংশ নম্বর পেয়েছে। আনন্দে আমি তার সাফল্যের খবরটা তখনই অফিসে ফোন করে মা ও বাবাকে জানালাম। তাঁরা মিষ্টি নিয়ে এসে বললেন, এ মিষ্টি একজন আদর্শ শিক্ষক ও একজন মেধাবী ছাত্রীর জন্য। আনন্দ করে মিষ্টি খাওয়া হলো। তার সাফল্যে আমি মনে অনেক জোর পেয়েছি। আশা করছি, সে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে। আমি তাকে উচ্চশিক্ষিত করবই। কারণ, প্রথম আলোর ব্যাপারে যে শপথবাক্য আমি লিখেছি, প্রতিদিন ওই পত্রিকা আমাকে সে কথাই মনে করিয়ে দেয়।দ্বিতীয় শপথে আমি পুরোপুরি সফল হতে পারিনি। আমি নিজেই নিজের পড়া শেষ করতে পারি, তবুও মা-বাবা আমাকে কোচিং ও প্রাইভেট পড়াতে বাধ্য করছেন। অনেক বলে-কয়ে কোচিংটা বাদ দিয়েছি, কিন্তু গৃহশিক্ষককে বাদ দিতে পারছি না। তাঁরা বলেন, এ যুগে প্রাইভেট না পড়লে ভালো ফল করতে পারবে না। আমি শপথে অটল আছি।সুমাইয়া বরকতউল্লাহষষ্ঠ শ্রেণী, মণিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা।