‘ছোট লঙ্কার ঝাল বেশি’ কথাটি নিশ্চয়ই শুনেছেন বহুবার। মাত্র ১৭ বছর বয়সী নেপালের খগেন্দ্র থাপা মগরের অবস্থাও ঠিক সে রকম। কারণ, এই পুঁচকে ছেলেটিই পুরোনো সব রেকর্ড ভেঙে দখল করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষের স্বীকৃতি। আর এই স্বীকৃতি তাঁকে দিয়েছে খোদ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস! এর আগে বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষ চীনের পিংপিংয়ের মৃত্যু হওয়ায় খেতাবটা পেয়েছিলেন কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। আর এবারে হার্নান্দেজের কাছ থেকে এই রেকর্ড ছিনিয়ে নিয়ে বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষের তালিকায় নাম লেখালেন নেপালের পোখরায় জন্ম নেওয়া খগেন্দ্র থাপা মগর। খগেন্দ্র, হার্নান্দেজের চেয়েও দুই ইঞ্চি খাটো। তাঁর উচ্চতা মাত্র ২৫ দশমিক ৮ ইঞ্চি। এতই ছোট যে অনায়াসে তাঁকে দুই হাতের তালুতে দাঁড় করানো যেতে পারে।১৪ বছর বয়স থেকেই এই খেতাব অর্জনের জন্য মুখিয়ে ছিল খগেন্দ্র। কিন্তু ১৮ বছর বয়স না হওয়ায় গিনেস কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছিল। অবশেষে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৪ অক্টোবর খগেন্দ্রর ১৮তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সম্প্রতি নেপাল সরকার তাঁকে সে দেশের শুভেচ্ছাদূতের সম্মান দিয়েছে। সূত্র: ওয়েবসাইট