নিহা, তোমার কৃষ্ণচূড়াগাছটা কিন্তু একসময় আমাদের প্রেমের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? নিহা আশ্চর্যাম্বিত হয়ে জিজ্ঞেস করল, ‘কীভাবে?’ আরিফ বলল, ‘তোমার শিশু কৃষ্ণচূড়া এখন তরুণে পরিণত হয়েছে, আর কিছুদিন পর তোমার আর আমার জানালার মাঝ বরাবর ডালপালা ছড়াবে। তখন আমাদের দেখাদেখি, চোখাচোখি হবে কীভাবে?’ আরিফটা আসলে একটা পাগল! এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারে না, মাঝেমধ্যে এমন সব কাণ্ড ঘটায় না, কখন যে ধরা পড়ে যাই! নিহা ভাবে। নিহা আর আরিফদের বাসা মুখোমুখি। সামনে একচিলতে খালি জায়গা আর একটা পায়ে হাঁটা রাস্তা। তাদের দুজনের বাবার একই অফিসে সরকারি চাকরির সুবাদে সরকারি কোয়ার্টারে থাকে তারা। একই স্কুলে পড়াশোনা করলেও এখন তারা ভিন্ন ভিন্ন কলেজে পড়ে। স্কুলজীবন থেকেই তাদের প্রেম। কঠিন লুকোচুরি তাদের প্রেমে। আরিফদের বাসার ড্রয়িংরুমের জানালা দিয়ে তাকালেই নিহার রুমের জানালা সরাসরি দেখা যায়। জানালা দিয়েই চলে দুজনের প্রেম-প্রেম খেলা। বৃষ্টি হলেই নিহা জানালার পর্দা ফেলে দিয়ে হাত বের করে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করে। নিহার ফরসা তুলতুলে হাত দুটি দেখতে আরিফের কী যে ভালো লাগে! আরিফের তখনই ইচ্ছা করে দূরত্ব ডিঙিয়ে নিহার হাত দুটি ছোঁয়। আরও কত মজার কাণ্ড করে দুজন! কৃষ্ণচূড়াগাছটা ইদানীং যেভাবে বাড়ছে, কিছুদিন পর এ কারণে নিহাকে আর জানালা দিয়ে দেখা যাবে না। এ কথা মনে হতেই আরিফের মেজাজ গরম হয়ে যায়। সব রাগ গিয়ে পড়ে গাছটির ওপর। অথচ গাছটা নিহার খুব প্রিয়। নিহা বলে, ‘আরে, গাছটা আমাদের দেখাদেখি বন্ধ করবে মাত্র কিছুদিনের জন্য। যেভাবে বাড়ছে, কিছুদিনের মধ্যেই লকলকিয়ে আমাদের জানালা ছাড়িয়ে ওপরে উঠে যাবে। সেই কদিন তুমি তোমার মনের কথা ইশারায় কৃষ্ণচূড়াকে বলবে, কৃষ্ণচূড়া তোমার হয়ে সে কথা আমাকে বলবে, আবার আমার হয়ে তোমাকে বলবে আমার কথা।’ নিহা খুব রোমান্টিক মেয়ে। যত্তসব পরাবাস্তব চিন্তাভাবনা ওর। আরিফের এতে হবে না।কৃষ্ণচূড়াগাছটা লাগিয়েছিল নিহার বাবা। বাবা-মেয়ে দুজন মিলেই যত্ন নিত গাছটার। যত্ন নিতে নিতে নিহার সঙ্গে অন্য রকম সম্পর্ক গড়ে ওঠে কৃষ্ণচূড়ার। গাছটা যখন আরও ছোট ছিল, নিহা ওর গায়ে হাত বোলাত। গাছটার দিকে তাকালেই কেমন একটা স্বর্গীয় প্রশান্তিতে বুকটা ভরে যায় নিহার। যখন মন খারাপ থাকে, তখন কৃষ্ণচূড়ার সঙ্গে মনে মনে কথা বলে ও, গাছটাও তার কথার উত্তর দেয়। আর কোনো ভাইবোন না থাকায় নিহা মনে করে কৃষ্ণচূড়াই তার ভাইবোন। কখনো ভাই, কখনো বোন। ইস, আরিফটা এখন কৃষ্ণচূড়াকে পছন্দ করে না। পাগল ছেলে। মনে মনে হাসে নিহা।নাহ, আরিফের মন ভালো নেই। কৃষ্ণচূড়াগাছটা আর একটু বেড়েছে। আস্তে আস্তে নিহার জানালা ঢেকে দেবে। না, গাছটির একটা এসপার-ওসপার করতে হবে। গাছটা এখন এত বড় হয়ে গেছে যে তুলে ফেলাও যাবে না। আবার কাটাও সম্ভব নয়। ইস, তুফান এসে গাছটা ভেঙে দিত যদি! এদিকে গাছটা নিহারও খুব প্রিয়। আবার চিন্তা করে, এত সুন্দর গাছটার ক্ষতি করাও তো ঠিক হবে না, গাছেরও প্রাণ আছে। সেদিন কলেজে তার এক বন্ধুর কাছে একটা ডায়ালগ শুনেছে আরিফ, ‘প্রেম আর যুদ্ধে নৈতিকতা বলে কিছু নেই।’আজ দুপুরে কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে নিহার বুকটা ধক করে ওঠে। গাছটা কেমন যেন নেতিয়ে পড়েছে। হঠাৎ এমন হলো কেন? ওর কি মন খারাপ? নাকি অসুখ করেছে? সারা বিকেল অনেক ভেবেছে নিহা। গাছের গোড়ায় পানিও দিয়েছে। মা-বাবাকেও অনেক চিন্তিত মনে হয়েছে। ওর বাবা একবার বলেছেন, গাছটা মনে হয় মারা যাবে। এ কথা শুনে নিহার চোখ টলমল করে ওঠে। পরে মেয়ের মনের অবস্থা বুঝে নিহার বাবা বললেন, ‘পানি দিয়েছ তো? সকালে দেখবে তোমার কৃষ্ণচূড়া লাফালাফি করছে।’ বলেই হেসে উঠলেন।সারা রাত নিহা অনেক ভেবেছে। কী হয়েছে কৃষ্ণচূড়ার? আরিফ কিছু করেনি তো? ছিঃ ছিঃ কী ভাবছি! ভেবে নিজেই নিজের কাছে লজ্জা পায় নিহা। আরিফ কীভাবে কৃষ্ণচূড়ার ক্ষতি করবে! এসব ভাবতে ভাবতে অনেক রাতে ঘুমায় নিহা।সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে নিহা। ঘুম থেকে উঠেই নিহা জানালা দিয়ে কৃষ্ণচূড়াকে দেখে। দেখেই কষ্টের নীল স্রোত বয়ে যায় ওর বুকে। বুকজুড়ে উথলে ওঠা ব্যথার জোয়ার দুচোখে কান্নায় উপচে পড়ে। নিহা বালিশে মুখ বুঝে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর নিহার মা এসে রুমে ঢুকলেই নিহা গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ‘মা, আমার কৃষ্ণচূড়া মরে গেছে।’সারা দিন নিহা কিছুই খাইনি। শুয়ে শুয়েই কাটিয়েছে। মাঝেমধ্যে কেঁদেছে। বাবা শুনেই অফিস থেকে ফিরে এসে মেয়েকে অনেক বুঝিয়েছেন। আরিফ অনেকবার ফোন করেছিল। নিহা ধরেনি। বিকেলে আরিফ ফোন করলে নিহা ধরল। আরিফ উত্তেজিত কণ্ঠে বলতে লাগল, ‘এতবার ফোন করলাম, ধরলে না কেন? তোমার কৃষ্ণচূড়া তো ফিনিশ। জানো, কীভাবে ফিনিশ হয়েছে কৃষ্ণচূড়া? আমি অনেক দিন ধরে রাতে চুপিচুপি কৃষ্ণচূড়ার গোড়ায় লবণপানি ঢেলেছি। গোড়ায় লবণাক্ততা বাড়ার কারণে কৃষ্ণচূড়া মরে গেছে। আরে, আমি সায়েন্সের ছাত্র না, তোমার জন্য আমি সব করতে পারি, সবকিছু, নিহা।’ হড়বড় করে একনিঃশ্বাসে কথা শেষ করল আরিফ।আরিফের কথা শেষ হতেই নিহা চিৎকার করে কেঁদে উঠে বলল, ‘তুমি আমার ভাইবোনকে হত্যা করেছ, আরিফ। তুমি খুনি, তুমি খুনি!’ সাইফুল ইসলামবৈজ্ঞানিক কর্মকর্তাবিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম।