খুনি চার যুবকের খোঁজ পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্সিং কলেজের শিক্ষিকা  অঞ্জলী দেবী
নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী দেবী

চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবীর হত্যাকাণ্ডের ১৯ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। কারা, কী উদ্দেশ্যে হত্যা করেছে সে ব্যাপারেও আছে অন্ধকারে। পুলিশ শুধু এইটুকু নিশ্চিত হয়েছে, হত্যাকাণ্ডে চারজন যুবক অংশ নেন। কিন্তু সেই চার যুবকের খোঁজ পাচ্ছে না তারা।
পুলিশ সূত্র জানায়, বর্তমানে নগর গোয়েন্দা পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। পেশাগত দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ ও সন্ত্রাসীদের হুমকি—এ তিনটি বিষয় সামনে রেখে চলছে তদন্ত।
১০ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসার পাশে নগরের চকবাজারের উর্দুগলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অঞ্জলী দেবী। এ ঘটনায় তাঁর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে নার্সিং কলেজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে।
মামলার বাদী রাজেন্দ্র লাল চৌধুরী জানান, কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই। তিনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, নার্সিং কলেজের শিক্ষকসহ ১২ থেকে ১৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। কিন্তু হত্যার ক্লু (সূত্র) নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা নিশ্চিত হওয়া গেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে চার যুবক অংশ নেয়। তাদের প্রত্যেকের কাঁধে স্কুলব্যাগ ছিল। ওই ব্যাগে করে তারা রামদা নিয়ে আসেন। অঞ্জলী দেবীকে কুপিয়ে রামদা ব্যাগের ভেতর নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হত্যাকারীরা ছিনতাইকারী হলে অঞ্জলীর মুঠোফোন ও টাকা কেড়ে নিত। কিন্তু তাঁর কাছ থেকে কিছুই নেয়নি তারা।
হাছান চৌধুরী আরও জানান, যেহেতু এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। তাই সবগুলো বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। চার যুবককে ধরতে পুলিশ মাঠে রয়েছে। তাদের ধরা গেলে কী উদ্দেশ্যে অঞ্জলী দেবীকে হত্যা করা করেছে তা স্পষ্ট হবে।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, হত্যাকারীরা চৌকস, ঘটনাস্থলে কোনো ক্লু রেখে যায়নি। যার কারণে পুলিশকে বেগ পেতে হচ্ছে। বিষয়টি নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের মুখে রয়েছেন। দিনদুপুরে বাসার পাশে একজন মানুষকে কুপিয়ে হত্যা করে চার যুবক পালিয়ে যাওয়ায় ঘটনার পরও পুলিশ অন্ধকারে থাকায় জনমনেও আতঙ্ক দেখা দিয়েছে।