খুনি ধরা না পড়ায় পরিবারে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

গেল সপ্তাহে গলা কেটে দুই যুবককে খুনের ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। যুবক দুজন হলেন লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ওরফে বাপ্পি ও হাটহাজারী ফতেয়াবাদের জায়গা-জমি ব্যবসায়ী আমীর খসরু। তিন দিনের ব্যবধানে জেলার লোহাগাড়া ও হাটহাজারীতে ঘটনা দুটি ঘটে।
দুই যুবককে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনো ধরা না পড়ায় হতাশা নেমে এসেছে সংশ্লিষ্ট পরিবারে। দুই পরিবারে এখনো চলছে শোকের মাতম। মাহবুবকে শিবির ক্যাডাররা খুন করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হলেও খসরু হত্যার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘খুনিদের ধরতে পুলিশি প্রচেষ্টা অব্যাহত আছে। দুটি হত্যার কারণ ভিন্ন বলে ধারণা করছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুব ও তাঁর দুই বন্ধু গত ১০ নভেম্বর লোহাগাড়ার আমিরাবাদ থেকে রিকশাযোগে নিজ বাড়ি সুখছড়ি যাচ্ছিলেন। পথে বটতলী বাসস্টেশন এলাকায় দুই মোটরসাইকেলে মুখোশধারী ছয় যুবক এসে রিকশার গতিরোধ করে। এ সময় দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন মাহবুবের দুই বন্ধু। মুখোশধারীরা মাহবুবকে পার্শ্ববর্তী একটি গলিতে নিয়ে গলা কেটে জবাই করে হত্যা করে। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
মাহবুবের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুবকে জামায়াত-শিবির ক্যাডাররাই হত্যা করেছেন। তাঁকে একাধিকবার হত্যার হুমকিও দিয়েছিলেন শিবির ক্যাডাররা। লোহাগাড়ায় জামায়াত-শিবিরের একক আধিপত্য বজায় রাখতে মাহবুবকে হত্যা করা হয় বলে নেতা-কর্মীদের ধারণা। এ ঘটনায় মাহবুবের মা জেসমিন আক্তার ১২ শিবির ক্যাডারকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে শুধু আরিফুল ইসলাম নামের এক শিবির ক্যাডার গ্রেপ্তার হয়েছেন।
এদিকে নিহতের মা জেসমিন আক্তার এক সপ্তাহ ধরে ছেলের শোকে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। জ্ঞান ফিরলেই খুঁজতে থাকেন মাহবুবকে। মাহবুবের ভাই রাসেল বলেন, ‘ছাত্রলীগ করত এটাই আমার ভাইয়ের অপরাধ। আমরা হত্যার বিচার চাই।’
জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, এক আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদের ধরতেও মাঠে রয়েছে পুলিশ। জামায়াত-শিবির ক্যাডাররাই এলাকায় আধিপত্য বজায় রাখতে মাহবুবকে খুন করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আমীর খসরু
আমীর খসরু

মাহবুব হত্যার তিন দিন আগে ৭ নভেম্বর হাটহাজারীর ফতেয়াবাদে আমীর খসরু নামের এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত ১০টায় তাঁকে অনেকে চৌধুরীহাট বাজারে দেখেছেন। পরে ফতেয়াবাদ বটতলীর বাসায় যান। ঘরে আসার পর একটি ফোনকল পেয়ে খসরু ঘর থেকে বের হয়ে যান। এরপর ফিরেছে লাশ।
এ ঘটনায় খসরুর বাবা আবদুস সাত্তার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার কোনো কারণ জানতে পারেনি পুলিশ। আবদুস সাত্তার গত বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ছেলের আট লাখ টাকা মেরে দিতে সিন্ডিকেটের লোকজন তাকে হত্যা করেছে। আমি বিচার চাই।’
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে একটি ঘরে খসরুকে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর লাশ বস্তাবন্দী করে দক্ষিণ মাদার্শা কাটাখালী এলাকায় ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। নিহত ব্যক্তির পরিবার মামলার এজাহারে জায়গা-জমির সিন্ডিকেট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। বিষয়টিও মাথায় রেখে তদন্ত এবং সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান চলছে।