খুনিদের ধরতে পুলিশের পুরস্কার ঘোষণা
কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এসআই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ মরিয়া। গতকাল সোমবার সকাল পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করলেও মূল হোতা জোনাব আলী গ্রুপের আইয়ুব আলী, দেলোয়ারসহ অন্য সদস্যদের এখনো গ্রেপ্তার করা যায়নি। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর গত রোববার পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের কেউ ধরিয়ে দিলে তাঁকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন। জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার কাঁঠালতলী এলাকায় কালা খাতুন হত্যা মামলার তদন্ত করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআই পরেশ কুমার কার্বারি নিহত হন। এ ঘটনার পর সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে চলে যায়। তাঁদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ পাহাড়ি এলাকায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। পাহাড়ি এলাকার পাশাপাশি সন্ত্রাসীদের সম্ভাব্য অবস্থান ধরে উপজেলার ধলঘাট, মাতারবাড়ি, সোনাদিয়া, কালারমারছড়া, কুতুবদিয়া চ্যানেলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপরও মূল হোতারা এখনো ধরা পড়েনি। সন্ত্রাসীদের অবস্থান জানতে কক্সবাজারের বাইরে বিভিন্ন এলাকায় পুলিশ তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার লোক দিয়ে চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কর্মকর্তা পরেশ কুমার কার্বারি নিহতের ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা আয়ুব আলী ও জোনাব আলীসহ অন্যান্য আসামির সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ধরিয়ে দেওয়ার জন্য গত রোববার স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করে। ওই বিজ্ঞপ্তিতে তাঁদের ধরার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। আর যারা মূল হোতাদের ধরিয়ে দিতে পারবে তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন। এ ছাড়া সন্ত্রাসীদের অবস্থান জানার সঙ্গে সঙ্গে উল্লেখিত মোবাইল নম্বর: ০১৭১৩ ৩৭৩৬৬০, ০১৭১৩ ৩৭৩৬৬৯, ০১৭১৩ ৩৭৩৬৭১ ও ০১৮১৮ ১৪৯৩২৭ ফোন করে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।