খুব ইচ্ছে করছে আব্বুকে একটা চিঠি লিখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই আব্বুকে আমি একটু বেশি ভালোবাসতাম। আব্বু তখন কুয়েত ছিলেন। আমি ক্লাস টু-তে পড়ি। আব্বুকে চিঠি লিখতাম। অনেক ভুলভ্রান্তি হতো, আব্বু সংশোধন করে দিতেন ওখান থেকেই। আজ বহুদিন পর আব্বুর সেই চিঠি পেলাম। খুব ইচ্ছে করছে আব্বুকে একটা চিঠি লিখি। আমি শুরু করলাম আমার পোস্ট না-করা সেই চিঠি—

প্রিয় আব্বু,

ভালোই আছি আমি। ভালো থাকব ভেবেই তো তুমি আমাকে এত দূরে রেখেছ। কখনো ভেবেও দেখোনি তোমার ছোট্ট মামণি কি এখনো আসলেই হাতে খাওয়া শিখেছে, নাকি সবার খাওয়া শেষ করে আলসে মেয়ের মতো আজও হাতে খাবার লেগে যাওয়ার ভয়ে না খেয়েই থাকে?

কচি হাতে ব্যথা লাগবে, হাতের রং কালো হয়ে যাবে বলে যাকে তুমি রান্নাঘরে ঢুকতে মানা করতে, আজ তার হাতের রং দেখার কেউ নেই। পুড়লে বরফ দেওয়ার কেউ নেই, ঝড় হলেও কেউ আমাকে এগিয়ে আনার জন্য ছাতা নিয়ে যায় না। আব্বু, জানো, আজও আমি রাতভর তোমায় মিস করলে ওই গান শুনি—আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার পাশে আয় মামণি...।

তোমার মামণি এখন নিজেই মামণি হয়েছে। তাই সে আর মামণি নেই। তাকে কেউ আর মুন বলে না, তাকে কেউ আর মণি বলে না, তাকে কেউ আর বাব্বুনি বলে না। সে এখন অফিসে ম্যাডাম, বাচ্চাদের আম্মু, ভাবি, মামি, আপু—সবই হয়েছে। এত আদর কেন করেছিলে যদি এমন দূরেই সরিয়ে দেবে? ভাবি, এবার যখন দেখা হবে, তোমার বুকে ঝাঁপিয়ে পড়ব। কেন পারি না? আমার চোখ ঝাপসা হয়ে আসছে, আজ আর লিখতে পারব না। তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি এবার তোমার কাছে সত্যিই যাব।

সেলিনা মারিয়া, ঢাকা।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’