
১. পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। খুব ভালো হতো যদি মশারও পাখা গজাত মরিবার তরে।
২. বৃষ্টির পানি রান্নাবান্না, গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। খুব ভালো হতো যদি বজ্রপাতের বিদ্যুৎ অন্তত মোবাইল ফোন চার্জ দেওয়ার কাজে ব্যবহার করা যেত।
৩. চিপসের প্যাকেটে না চাইলেও বিপুল পরিমাণ বাতাস পাওয়া যায়। খুব ভালো হতো যদি বাতাসের মধ্যেও অল্পবিস্তর চিপস পাওয়া যেত।
৪. গোসল করা কিংবা হাত–মুখ ধোয়ার সময় মানুষ ব্যাপক পরিমাণে পানি ব্যবহার করে। খুব ভালো হতো যদি সবাই বাথরুম করার পরও ব্যাপক পরিমাণ পানি ব্যবহার করত।
৫. সকালের নাশতায় অনেকেই জ্যাম-জেলি খায়। খুব ভালো হতো যদি ট্রাফিক জ্যামও কেউ পাউরুটি দিয়ে খেয়ে সাবাড় করে দিতে পারত।
৬. পাবলিক পরীক্ষার ফল ঘটা করে পত্রিকায়, ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খুব ভালো হতো যদি বিভিন্ন তদন্ত রিপোর্টের ফলও এ রকম ঠিক সময়মতো ঘটা করে প্রকাশ করা হতো।
৭. অনেকেই চশমা পরার পর ঠিকঠাক দেখতে পারে। খুব ভালো হতো যদি আমাদের নীতিনির্ধারকেরাও অন্তত চশমাটা পরার পর দেশের সমস্যাগুলো ঠিকমতো দেখতে পেতেন।
৮. বিভিন্ন সময় মন্ত্রীদের বিভিন্ন কথা শুনে লোকে হাসাহাসি করে। খুব ভালো হতো যদি রস+আলো পড়েও লোকে কিছুটা হাসত!