খুমি সম্প্রদায়ের প্রথম স্নাতক
বান্দরবানের কেওক্রাডং পাহাড়ের পাদদেশে সবুজ বনে ঢাকা একটি নির্জন গ্রাম থেকে যে আদিবাসী ছেলেটি একমাত্র খুমি ভাষা ছাড়া অন্য ভাষা কী, না বোঝা অবস্থায় রুমা উপজেলা সদরে পা রেখেছিলেন, সেই ছেলেটি এখন অস্ট্রেলিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অধ্যবসায় আর নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়ার মানসিকতা নিয়ে লেলুং খুমি তাঁদের সম্প্র্রদায়ের প্রথম এবং একমাত্র গ্র্যাজুয়েট। তিনি গত ২৭ মে অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলস সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশে ফিরে খুমি সম্প্র্রদায়সহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী তথা বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী। অনলাইন সাক্ষাৎকারে লেলুং খুমি এ তথ্য জানান।১৯৮৫ সালে আট বছর বয়সে দাদু খোলাইন খুমির হাত ধরে রুমা উপজেলা সদরে এসেছিলেন লেলুং খুমি। এরপর একটি মারমা পরিবারে লেলুংকে রেখে দাদু চলে যান নিজ গ্রামে। শুরু হয় লেলুংয়ের বিচিত্র অভিজ্ঞতা। একমাত্র খুমি ছাড়া অন্য ভাষা জানা না থাকায় তাঁকে কথা বলতে হতো ইশারায়। রুমার একটি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর পড়ার পর পুনরায় ইউনিসেফের অর্থায়নে পরিচালিত রুমা উপজাতীয় (আদিবাসী) আবাসিক বিদ্যালয়ে ভর্তি হন প্রথম শ্রেণীতে। সেখান থেকে ১৯৯৮ সালে প্রথম বিভাগে মাধ্যমিক (এসএসসি) পাস করেন। এরপর আবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন লেলুং। তিনি বলেন, ‘এসএসসি পাস করে শুরু হয় আমার সত্যিকার চ্যালেঞ্জ। ওই সময় নিজেকে অসহায় মনে করতে থাকি। কারও কাছ থেকে পরামর্শ নেব, তেমন কেউ নেই। আবার ওই সময় আমাদের পরিবারে শুরু হয় চরম আর্থিক দুরবস্থা। আমার বাবা বলেন, আমাকে বেশি করে পড়াশোনা করানোর সামর্থ্য তাঁর নেই। পরে এক কাকা কলেজে ভর্তির জন্য টাকা দেন। কলেজে ভর্তি হতে বান্দরবান শহরে এসে কোথায় থাকব, কার কাছে যাব কিছুই জানা ছিল না। চিন্তা করলাম, বান্দরবান সরকারি কলেজে ভর্তি হলে সব সময় ক্লাসে যেতে হবে। পরে চট্টগ্রামের সাতকানিয়া বার আউলিয়া কলেজে ভর্তি হই। অবশ্য দেড় বছরে দুই মাস সময়ও ক্লাসে থাকতে পারিনি।’লেলুং খুমি বলেন, ‘ওই সময়ের কথা চরম দুঃখ নিয়ে অনুভব করি। কয়েক দিন পর পর কলেজে যেতাম। কলেজ থেকে ফিরে দুপুরে গ্রামে এসে বাড়িতে কাউকে পেতাম না। স্বাভাবিকভাবে কোনো খাবারও জুটত না। ওই অবস্থায় ক্ষুধা নিয়ে জুমখেতে বড় ঝুড়ি পিঠে নিয়ে পাকা ধান কাটতাম। কাউকে কিছু বলতে পারতাম না। ওই অবস্থায় জুমখেতের শসা খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। এ ছিল আমার জীবনে সত্যি এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা।’১৯৯৯ সালে ডেভিড এ পিটারসন নামের আমেরিকার এক ভাষা গবেষকের সঙ্গে পরিচয় ঘটে লেলুং খুমির। তিনি লেলুং খুমির সঙ্গে খুমি ভাষা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এরপর শুরু হয় খুমি-ইংরেজি ডিকশনারি তৈরির কাজ। লেলুং খুমির কিছু আয়-রোজগার শুরু হয়। ২০০১ সালে তৃতীয় বিভাগে এইচএসসি পাস করেন তিনি। পরে সম্মান শ্রেণীতে ভর্তির আগেই বাবার ইচ্ছানুযায়ী খামলো খুমিকে বিয়ে করেন।লেলুং জানান, তিনি খুমি সম্প্রদায়ের একমাত্র এইচএসসি পাস ছাত্র হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় বিভাগ থাকায় ভর্তির সুযোগ পাননি। পরে ঢাকা বোরহানউদ্দিন কলেজে নৃ-তত্ত্ব বিভাগে ভর্তি হন। তবে দ্বিতীয় বর্ষে থাকার সময় ডেভিড এ পিটারসনের সহযোগিতায় আমেরিকার ডর্টমুড কলেজে খুমি ভাষার পরামর্শক হিসেবে তিন মেয়াদে কাজ করেন (২০০৫ সালের এপ্রিল-মে, নভেম্বর ২০০৫ থেকে জুন ২০০৬ এবং ২০০৯ সালের মে-জুন)।২০০৬ সালে লেলুং খুমি ইউএনডিপির অসএইড স্কলারশিপে আবেদন করেন। সেখানেও প্রথমে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের একজন প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় তিনি স্কলারশিপ লাভ করেন।১৯৯১ সালের আদমশুমারি অনুয়ায়ী খুমি সম্প্রদায়ের মোট জনসংখ্যা এক হাজার ১৫০। তাঁদের সবার বসবাস বান্দরবান উপজেলার রুমা উপজেলার গহিন অরণ্যে। পাহাড়ে বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে তাঁদের জন্য কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।