খুলে পড়ছে নাট-বল্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ চকরিয়ার শিকলঘাট সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন l প্রথম আলো
ঝুঁকিপূর্ণ চকরিয়ার শিকলঘাট সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন l প্রথম আলো

গাড়ি উঠলে সেতু দুলতে থাকে। প্রায়ই খুলে পড়ছে নাট–বল্টু। এই হাল কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট সেতুর। এমন বেহাল অবস্থায়ও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে গাড়ি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, শিকলঘাট স্টেশন এলাকায় বইশ্যার ছড়ার ওপর একসময় পাকা সেতু ছিল। ২০ বছর আগে ওই পাকা সেতু ধসে পড়ে। এরপর চলাচলের জন্য ৬০ ফুটের বেইলি সেতু নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে। এটি দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে দেখা গেছে, সেতুর পাটাতনের ফুটো সারাতে ওপরে পিচঢালাই করা হয়েছে। ফলে পাটাতনের ওপর বাড়তি চাপ পড়ছে। তার ওপর পিচঢালাই হওয়া অংশেও রয়েছে ছোট-বড় গর্ত। সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল করছে না।
স্থানীয় বাসিন্দা সরওয়ার উদ্দিন, তারেকুল ইসলাম চৌধুরী, মো. ওয়াসিম ও মো. ফারুক জানান, সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সবচেয়ে বিপজ্জনক হয়েছে পাটাতনের ওপর পিচঢালাই হওয়ায়। তাঁরা ওই স্থানে নতুন পাকা সেতু নির্মাণের দাবি জানান।
অটোরিকশার চালক কাইছার উদ্দিন বলেন, ‘বৃষ্টি হলে গর্তের মধ্যে পানি জমে থাকে। তখন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।’
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নেছারা বেগম বলেন, শিকলঘাট সেতু দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ শ যানবাহন চলাচল করে। এ সেতু দিয়ে লক্ষ্যারচরের মানুষ ছাড়াও কৈয়ারবিলের বাসিন্দারাও উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে অনেকে এখন দূরের সড়ক ব্যবহার করছেন।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, পুরোনো হওয়ায় সেতুটি সংস্কার করেও ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না। প্রায় সময় নাট–বল্টু খুলে পড়ছে, অবশ্য সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হয়। একই স্থানে একটি নতুন পাকা সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে এক বছরের মধ্যে নতুন সেতুর নির্মাণকাজ শুরু করা যাবে।
পাটাতনের ওপর পিচ ঢালাইয়ের ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, ফুটো মেরামতের জন্য এ ছাড়া আর কোনো উপায় ছিল না।