খুশকি থেকে মুক্তি
বছরের এই সময়ে আবহাওয়ায় আর্দ্রতা কমে যায়। এর প্রভাব পড়ে চুলে। এ সময় মাথার ত্বকে খুশকি দেখা দেয়। বিশেষ করে ছেলেদের চুলে। কেননা, চুল ছোট হওয়াতে সহজেই ধুলাবালি এতে প্রবেশ করে। লোমকূপ বন্ধ হয়ে যায়। সঠিকভাবে যত্ন না নিলে খুশকির জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বৈকি। মেনস কেয়ারের কর্ণধার মোহাম্মদ জাভেদ হোসেন বলেন, শীত পড়তে শুরু করেছে। এ সময় ধুলাবালির কারণে ত্বক মরে গিয়ে খুশকির সৃষ্টি করে। তাই নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। বাইরে বের হলে প্রতিদিন চুল শ্যাম্পু করতে হবে। এ ছাড়া যাঁরা চুলে হেয়ার জেল, ক্রিম বা স্প্রে ব্যবহার করেন, তাঁদের এসব প্রসাধনসামগ্রী ব্যবহার করার আট ঘণ্টার মধ্যে চুল পরিষ্কার করা উচিত। তা না হলে চুলে খুশকি ও চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।তিনি আরও বলেন, ঘরে বসেই খুশকি দূর করতে পারেন। সে জন্য হতে হবে নিজের প্রতি যত্নবান। দিতে হবে খানিকটা সময়। গরম তেলের মালিশ (হট অয়েল ম্যাসাজ) খুশকি দূর করতে বেশ কার্যকর। তেলটাকে সামান্য গরম করে তুলা বা হাতের আঙুল দিয়ে ভালোভাবে চুলের ত্বকে লাগাতে হবে। এরপর তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে মাথায় ১০ মিনিট জড়িয়ে রাখুন। খেয়াল রাখতে হবে, তোয়ালে যেন বেশি গরম পানিতে না ভেজানো হয়। এতে চুলের ক্ষতি হবে। এভাবে রাখার পর ভালোভাবে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে অন্তত তিন দিন চুলে তেল লাগাতে পারেন। প্রিভে সেলুন অ্যান্ড স্পা লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান ফারাবী মনে করেন, যাঁদের চুলের ত্বক খুশকিপ্রবণ, তাঁদের ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। মাথায় ক্যাপ ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া এক সপ্তাহ বা ১৫ দিন অন্তর ছেলেদের রূপচর্চাকেন্দ্রগুলোতে গিয়ে তাঁরা বিশেষ যত্ন নিতে পারেন। সে ক্ষেত্রে চুলের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার ম্যাসাজ ও হেয়ার স্পা করানো যেতে পারে। বাড়িতে অনেক সময় ভালোভাবে করা যায় না। আসল কথা হলো, চুলের গোড়ায় ময়লা জমতে দেওয়া যাবে না। ভালো মানের খুশকি প্রতিরোধক শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। খুশকি থেকে মুক্তি পেতে জাভেদ হোসেন বেশ কয়েকটি চুলের প্যাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এসব প্যাক সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন।আধা কাপ নারকেল তেল ও এক কাপ টমেটোর রস মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করে ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন চুলে যেন শ্যাম্পু রয়ে না যায়। এতে খুশকির প্রকোপ বেড়ে যাবে।১৫ দিন অন্তর পেঁয়াজের রস ও মধু মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। চুল পড়া কমবে। খুশকিও দূর হবে। অতিরিক্ত খুশকি হলে বেশি পরিমাণে লেবুর রস ও কম অনুপাতে পেঁয়াজের রস মিশিয়ে চুলে ব্যবহার করা যেতে পারে। আধা কাপ আমলার গুঁড়া ও একটি ডিম মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর ব্যবহারে খুশকি কমে যাবে। ডিমের সঙ্গে টকদইও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল, আমলা, মেহেদি ও রিঠা একসঙ্গে মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাকটি ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শীতকালে ঠান্ডাপানি দিয়ে চুল না ধোয়াই ভালো। সামান্য গরম পানি মিশিয়ে চুল পরিষ্কার করতে হবে। যাঁদের চুল তৈলাক্ত তাঁরা অলিভ অয়েল দেবেন না। তবে এই প্যাক ব্যবহারে অনেক সময় চুল রুক্ষ হয়ে যায়। তখন লিভ ইন কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। পেপের পেস্ট করে তাতে টকদই ও ডিম মিশিয়ে ব্যবহার করতে পারেন। সম্ভব হলে মধু যোগ করা যেতে পারে এই প্যাকে। ১৫ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলতে হবে।নিমপাতা, মসুরের ডাল ভালোভাবে পেস্ট করে তাতে ডিম মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। সপ্তাহে এক দিন এই প্যাক ব্যবহার করলে খুশকি থেকে রেহাই পাবেন। এসবের পরও চুলে খুশকি থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।