খুশি হওয়ার দরকার নেই, সতর্ক হোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শেয়ারবাজারে তেজিভাব অনেকটা অমাবস্যার চাঁদের মতো। বিনিয়োগকারীদের এই চাঁদ দেখার সৌভাগ্য হয় না বললেই চলে। তবু কয়েক মাস ধরে এই তেজিভাব চলছে। এমন আনন্দ আর উত্থানের দিনেও বিনিয়োগকারীদের প্রতি সতর্কবাণী জারি করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। ধুর! এমন সুখের দিনে ফুর্তি করার জন্য উৎসাহ না দিয়ে সতর্কবাণী দেওয়া হচ্ছে! বিষয়টি মর্মান্তিক! জাতীয় জীবনে এই সতর্কবার্তা মহান বাণীর মতো আমাদের কাজে লাগানো উচিত। ক্ষেত্রগুলো বলে দিচ্ছেন অতি উদাসীন লেখক মাহবুব আলম
খুশি হওয়ার দরকার নেই, সতর্ক হোন!, শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষিত রাখবেন যেভাবে এবং দায় নিজের—। প্রচ্ছদ: রাজীব
খুশি হওয়ার দরকার নেই, সতর্ক হোন!, শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষিত রাখবেন যেভাবে এবং দায় নিজের—। প্রচ্ছদ: রাজীব

l গোল্ডেন ‘এ’ প্লাস পেলে
সন্তান গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে অনেকেই খুশিতে গদগদ হয়ে মাটিতে লুটোপুটি খান। এ রকম আর করবেন না। এমনকি মিষ্টি বিতরণেরও দরকার নেই। বরং সতর্ক থাকুন। কারণ, আপনার সন্তানের ‘এ’ প্লাস পাওয়ার সংবাদ পেয়ে কোনো টিভি চ্যানেল গিয়ে তার সাধারণজ্ঞানের সাক্ষাৎকার নিয়ে ইউটিউবে ছেড়ে দিতে পারে!

l চাকরি পেলে
‘চাকরি’ বাংলাদেশের এক দুষ্প্রাপ্য জিনিসের নাম। তবু কোনোভাবে যদি একটা চাকরি পেয়েই যান, তাহলে খুশিতে নাচানাচি করার কোনো কারণ নেই। বরং সতর্ক থাকুন। চাকরি যেহেতু একবার পেয়েই গেছেন, তাহলে এখন থেকে সেটা হারানোর ভয়ও শুরু হয়ে গেল।
l লটারি জিতলে
মাত্র ১০-২০ টাকা খরচ করে আপনি যদি কখনো লাখ লাখ টাকার লটারি জিতে যান, তাহলে মুখটা হাসি হাসি না করে বরং গোমড়া করে রাখুন। আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ, লটারি জেতার পর আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবকে ট্রিট দিতে দিতে লটারির টাকা শেষ হয়ে উল্টো পকেটের টাকাও শেষ হওয়ার জোর শঙ্কা থেকে যায়।
l প্রেমিক/প্রেমিকা পেলে
প্রেমিক/প্রেমিকা পাওয়ার আনন্দে আনন্দিত হওয়ার পরিবর্তে দুঃখিত হোন। কারণ, প্রেমে পড়া মানেই নিয়ম-শৃঙ্খলের জালে জড়ানো। নিয়ম করে খেতে হবে, আবার খাওয়া শেষ করেই সেটা রিপোর্ট করতে হবে। এ ছাড়া নিয়মিত কথা বলা, দেখা করা, উপহার দেওয়ার মতো নিয়মতান্ত্রিক ব্যাপারস্যাপার তো আছেই। আর আছে প্রেমিক/প্রেমিকার বন্ধুর ছোট ভাইয়ের বিবাহবার্ষিকীর তারিখ থেকে শুরু করে তাঁর পোষা বেড়ালের জন্মদিনটাও মনে রাখার মতো যথেষ্ট মস্তিষ্কচর্চার মতো অত্যাচার!

l যানজটমুক্ত রাস্তা পেলে

ঢাকায় যানজটমুক্ত রাস্তা আশা করাই ভুল। তারপরও যদি কখনো ফাঁকা রাস্তা পেয়েই যান, তাহলে সেখানে দ্রুত যানজট বাধানোর জন্য প্রার্থনা করুন। তাতে কাজ না হলে নিজেই চেষ্টা করে দেখুন একটা যানজট বাধাতে পারেন কি না। কারণ, আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে—ফাঁকা রাস্তায় দুর্ঘটনা বেশি ঘটে, যানজটের রাস্তায় কম।

.
.