খেতে খেতে খেলা দেখা
ঢাকার গুলশান ১ নম্বরের এই ২৩ নম্বর রোডের ৮০ নম্বর বাড়িটা আশপাশ থেকে একটু অন্য রকম। সামনে অনেকটা খালি জায়গা। বিশাল বিশাল ছাতার নিচে চেয়ার-টেবিল পেতে বসার ব্যবস্থা। ঘুরে ঘুরে আড্ডা দিয়ে খাওয়াদাওয়া করতে পারবেন। ২৩ নম্বর রোডের ৮০ নম্বর বাড়িটাই স্পোর্টস ক্যাফে দ্য বেঞ্চ।স্পোর্টস ক্যাফের আগাগোড়াঢুকতেই পায়ের নিচে পড়বে অ্যাথলেটিকস ট্র্যাকের আদলে তৈরি রাস্তা। তার চারপাশে খোলা বাতাসে বসার ব্যবস্থা। একটু এগোলেই দরজার পাশে বিশাল এক ব্যানার। সেখানে মার্কার দিয়ে লিখতে পারবেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনার কথা। ভেতরের দেয়ালে সারবেঁধে ঝুলিয়ে রাখা বিভিন্ন খেলার গ্রেটদের ছবি। শচীন-মেসি থেকে শুরু করে রেসলিংয়ের ট্রিপল এইচও জায়গা পেয়েছেন সেখানে। মারিয়া শারাপোভার পাশেই বিশ্বকাপ উঁচু করে আছেন দিয়াগো ম্যারাডোনা। সব মিলিয়ে খেলাপ্রেমিক ভোজনরসিকদের জন্য দারুণ জায়গা। খেতে খেতে দেখা যাবে সব ধরনের খেলা। এখানে আছে চারটি বিশাল এলসিডি টিভি। এ ছাড়া ভিড় বেশি হলে ভেতরে-বাইরে দুটি প্রজেক্টরও দেওয়া হয়। শুরুর কথাগত বছরের ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্পোর্টস ক্যাফে দ্য বেঞ্চ। খোলামেলা পরিবেশের কারণে শুরু থেকেই লোকজনের আনাগোনা লেগে ছিল। তবে সত্যিকার অর্থে দ্য বেঞ্চ জমে উঠতে শুরু করে ফুটবল বিশ্বকাপের সময়। রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইফাজ রহমান বললেন, ‘তখন এত দর্শক আসতেন যে সবার জায়গা হতো না। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাই জায়গা বাড়ানোর চিন্তা করি।’ অক্টোবর মাসে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় দ্য বেঞ্চ। নিয়মিত ক্রেতারা খুব হতাশ হলেন। কিন্তু দেড় মাস পরই আবার খুলে দেওয়া হলো ক্যাফেটি। এবার নতুন সাজসজ্জা আরও বাড়তি জায়গা নিয়ে। সবার জন্য সব সময়পুরো রেস্টুরেন্টকে ভাগ করা হয়েছে চার ভাগে। যাদের কাছে খাওয়াটাই মুখ্য, তাঁদের জন্য আছে ডিনার জোন। যাঁরা হইচই পছন্দ করেন, আড্ডা দিতে চান, তাঁদের জন্য আছে লাউঞ্জ। খোলা হাওয়া এবং লাইভ মিউজিকের সঙ্গে যাঁরা খেতে চান, তাঁদের জন্য আছে মিউজিক্যাল জোন। এ ছাড়া ছাদে বারান্দার মতো জায়গায় করা হয়েছে রিল্যাক্স জোন। বাচ্চাকাচ্চা, তরুণ-বৃদ্ধ— সবার জন্য বেঞ্চ রেখেছে কোনো না কোনো ব্যবস্থা। সব খেলার খেলোয়াড়শুধু ফুটবল আর ক্রিকেট নয়, সব ধরনের খেলায়ই আছে বেঞ্চের প্রবল আগ্রহ। সব সময় কোনো না কোনো খেলা চলতেই থাকে টিভিগুলোতে। সাধারণত দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্টটি। তবে খেলা থাকলে রাত দুইটা পর্যন্তও খোলা থাকে। এমনিতে ২০০ জনের ধারণক্ষমতা হলেও খেলার সময় সেটা ছাড়িয়ে যায় ৩৫০। সবাই জার্সি পরে, বাঁশি বাজিয়ে, আনন্দ-উল্লাস করে যেন গ্যালারি বানিয়ে ফেলেন পুরো রেস্টুরেন্ট। ইফাজ রহমান বললেন, ‘খেলার সময় আমরা পরিবেশ উন্মুক্ত করে দিই। যাঁর যেভাবে ইচ্ছে, আনন্দ করতে পারেন।’শুধু খেলা দেখা নয়, খেতে এসে এখানে খেলতেও পারবেন। খাবারের জন্য অপেক্ষা করতে করতে পিএসথ্রিতে খেলতে পারবেন মজার সব ভিডিও গেমস। এ ছাড়া খেলতে পারবেন উই (মোশন সেন্সর দিয়ে টেনিস, বক্সিং ইত্যাদি খেলার যন্ত্র)। আগামী মাস থেকে টেবিল টেনিস ও ফুটবল বসবে বাইরের জায়গাটায়। গান ও অন্যান্য অনুষ্ঠানেওএখানে পুরোনো দিনের বাংলা গানের আসর বসে মাসে এক দিন। প্রতি মাসের শেষ শুক্রবার থাকে সালসা নাইট। এর বিশেষত্ব হলো, আগত অতিথিরাও নাচতে পারবেন নিয়মিত নাচিয়েদের সঙ্গে। সালসা পারেন না? কোনো সমস্যা নেই। প্রশিক্ষক আছেন আপনাদের জন্যই। বিনা মূল্যে তাঁর কাছ থেকে বেসিক শিখে নেমে যেতে পারবেন সালসা ফ্লোরে। সঙ্গী অবশ্য আপনাকেই জোগাড় করতে হবে। খাবারদাবার বেঞ্চের মেন্যু এককথায় মিশ্র ধরনের। ফাস্টফুড, থাই, ইন্ডিয়ান, চায়নিজ থেকে বাংলা খাবারও আছে। আছে স্বাস্থ্যসচেতনদের জন্য বিশেষ মেন্যু। খাবারদাবারের দামও নাগালের মধ্যেই। চিকেন কাবাবউপকরণ: মুরগির মাংস ২০০ গ্রাম, আদা বাটা ২০ গ্রাম, মরিচ বাটা ১০ গ্রাম, লবণ পরিমাণমতো, কাবাব মসলা ৫ গ্রাম, টক দই ১০ গ্রাম, মাখন পরিমাণমতো, লেবুর রস পরিমাণমতো, চাট মসলা পরিমাণমতোপ্রণালি: হাড় ছাড়া মাংস ছোট ছোট ৮-১০ টুকরো করে নিতে হবে। মাংসগুলো টক দই, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাবাব মসলা, সরিষার তেল দিয়ে মেরিনেট করতে হবে আধা ঘণ্টা। এরপর শিকের ভেতর ঢুকিয়ে গ্রিল করতে হবে। এ সময় মাখন মাখাতে হবে মাংসে। এরপর চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।শ্রিম্প কাটলেটউপকরণ: চিংড়ি মাছ ১০০ গ্রাম, বাধাকপি ১০০ গ্রাম, লেটুস পরিমাণমতো, সেদ্ধ ডিম অর্ধেকটি, মেয়নেজ ১০০ গ্রাম, টমেটো সস ১০০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, টাবাস্কো সস (ডিপার্টমেন্ট স্টোরে পাবেন) ১০০ গ্রাম, লেবু পরিমাণমতোপ্রণালি: লেবু, পানি ও লবণ দিয়ে চিংড়ি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। বাধাাকপি আলাদা করে নিতে হবে। তার ওপর দিতে হবে লেটুস পাতা। এর ওপর সেদ্ধ চিংড়ি ছড়িয়ে দিতে হবে। সব সস মিলিয়ে ককটেল করতে হবে। ককটেল সসটি চিংড়ির ওপর দিয়ে দিতে হবে। এরপর সেদ্ধ ডিমের অর্ধেকটা সাজিয়ে দিতে হবে।