খেতে খেতে বিমান দেখা
বাড়িটাকে অনায়াসে নেলসন নাম্বার বাড়ি বলে ডাকতে পারেন। উত্তরার ১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ১ নম্বর বাড়ির জন্য আর কোনো ভালো নাম কি পাবেন? কাগজে-কলমে নামটা অ্যারোমা। ১০ তলা এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে অ্যারোমা রেস্টুরেন্টই আমাদের আজকের গন্তব্য। অন্য রকম বিমানবন্দরলিফট হয়ে অ্যারোমাতে পা রাখলে প্রথমেই যেটা আপনার চোখ কেড়ে নেবে, তা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপূর্ব দৃশ্য। একটার পর একটা বিমান উঠছে-নামছে, প্রপেলারের গর্জন, খোলা আকাশের নিচে ঝিরিঝিরি বাতাস আর মুখরোচক খাবারের সঙ্গে সময়টা মন্দ কাটবে না। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য মোটামুটি আদর্শ জায়গা। বিমানবন্দর না দেখতে চাইলে বসতে পারেন খিলক্ষেত আজমপুর সড়কের দিকে মুখ করে। এক পলকে দেখে নিতে পারবেন পুরো রাস্তা। চাইলে বাইরে না বসে ভেতরেও বসতে পারেন। সে ক্ষেত্রে চমৎকার দৃশ্য দেখা থেকে একটু বঞ্চিত হবেন। তাতে ক্ষতি নেই। অ্যারোমার ভেতরটাও কম সজ্জিত নয়।খাবারদাবারপ্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে অ্যারোমা। খাবারের মেন্যুতে পাবেন ভারতীয় ও থাই খাবারের স্বাদ। প্রতিদিন ২০০টিরও বেশি থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের খাবারটি। নিরামিষভোজী হলে আপনার জন্য আছে বিশেষ আয়োজন। হরেক পদের সবজি কি বাহার, পনির দুলারি, টিকিয়া, হায়দরাবাদি বোরহানি, ভেজিটেরিয়ান কাবাব ইত্যাদি।মাংসভোজীদের জন্য মেন্যুর কোনো কমতি নেই। মুরগি আর গোশতের হান্ডি পাবেন ১০-১৫ পদের। বিভিন্ন মসলার প্রিপারেশন, রুটি-নান, বাসমতী চালের কয়েক পদের ভাত—সব মিলিয়ে আইটেম মন্দ নয়।থাই ক্যুজিনে আছে স্যুপ, সালাদ, চিকেন, বিফ, প্রন, ক্র্যাব, ফিশ, ডাক ইত্যাদি। সঙ্গে রাইস, নুড্ল্স তো আছেই। বেভারেজ ও ডেজার্ট বেছে নিতে পারবেন পছন্দমতো। দুপুরের খাবারের জন্য আছে সেট মেন্যু।বৃহস্পতি ও শুক্রবার অ্যারোমা আয়োজন করে বিশেষ বুফে মেন্যুর। ৩২ রকমের খাবার থাকে এখানে। ইচ্ছেমতো খেতে পারবেন যা খুশি। বুফে চলার সময় চাইলে সাধারণ মেন্যু থেকেও খেতে পারবেন। বুফেতে খাবার খরচ ৫৫০ টাকা। কর যুক্ত হবে তাতে। সেট মেন্যু পাবেন ৩৩০-৩৮০ টাকায়। ১৬০ জনের ধারণক্ষমতার অ্যারোমায় চাইলে রিজার্ভেশন দিতে পারবেন। এ জন্য ১৫ হাজার টাকা ভাড়া দিতে হবে। চাইলে বার-বি-কিউ পার্টিরও আয়োজন করা যাবে খোলা ছাদে। অবশ্য প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে হ্যাপি আওয়ার—যে সময় এমনিতেই ১০ শতাংশ ছাড় থাকে সব খাবারে।