খেতে গেলে জিবটাকে সামলান
সহকর্মীর জন্মদিন। ক্লায়েন্ট মিটিংয়ে ব্যাপক খাওয়ার আয়োজন। কিংবা কোনো উপলক্ষ ছাড়াই দলেবলে চলে গেলেন খেতে। এদিকে যে ওজনের পাল্লা বেড়েই চলেছে, সেদিকে হুঁশ নেই। যখন খেয়াল করলেন, তখন শুধু হাহুতাশ। এমন ঘটনা ঘটতেই পারে। তাই নিজেকে কীভাবে সামলে রাখবেন, সে দায়িত্ব আপনারই।
বুঝে-শুনে খাবার খান
কোথাও খেতে গেলে স্যুপ, সালাদ বা গ্রিলড খাবার খান। শর্করা ও মিষ্টিজাতীয় খাবারের দিকে তাকাবেনই না। এগুলো দ্রুত ওজন বাড়ায়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, খাবার খাওয়ার আগে ফলের রস, পানি, স্যুপ বেশি করে খেলে অন্য খাবার খাওয়ার প্রতি আগ্রহ কমে যায়। আগেই পেট ভরে যায় বলে এমনটা হয়।
ঘরে তৈরি খাবার খাওয়া
দুপুর ও বিকেলের নাশতা বাসা থেকে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। আপনি কী খেতে চান, কোন কোন উপাদান মেশাতে চান, তা নিজেই ঠিক করে নিতে পারবেন। বিকেলের জন্য ফল ও শর্করা বাদে অন্য কোনো শুকনো খাবার বা স্যুপ খেলে মন্দ হয় না। এতে অতিরিক্ত টাকাও যাবে না। বাইরে থেকে খাবার কিনতে গেলে বেশির ভাগ সময় তেল-চপচপে ও মসলাজাতীয় খাবারই বেছে নেওয়া হয়। জাঙ্কফুড তো আছেই। তাই একটু কষ্ট হলেও বাসা থেকে খাবার আনুন। টাকা বাঁচবে, শরীরও থাকবে সুস্থ।
জিবটাকে সামলান
ধরুন, আপনি চকলেট খেতে ভালোবাসেন। চকলেটের বাক্স যদি ড্রয়ারে রেখে দেন, তাহলে বারবার একটু একটু করে খেতে ইচ্ছে করবে। তার থেকে আপনি যদি অফিসে ডেস্কের সামনে একটা ক্যান্ডির বাক্স রেখে দেন, দেখা যাবে সব সময় দেখতে দেখতে আর খেতে ইচ্ছে করবে না। এভাবে নিজের ইচ্ছেটাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের ওপর নিয়ন্ত্রণ যত দ্রুত আনতে পারবেন, তত দ্রুত ওজন কমবে। ইচ্ছেমতো খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে।
সূত্র: ফ্যামিলি ম্যাগাজিন