খেলতে খেলতে খাওয়া

ভাবুন তো, সেলফি তুলতে একা দাঁড়িয়েছেন, পাশে কেউ নেই। অথচ স্ক্রিনে দেখা যাচ্ছে, সেলফিতে আপনি একা নন! পাশেই দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, শার্লক হোমসখ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ কিংবা ডিসি কমিকসের হার্লে কুইন!
ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ‘অগম্যান্টেড রিয়ালিটি’ প্রযুক্তি ব্যবহার করে এমন মজার অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চার শিক্ষার্থী-যাফির শাফিঈ চৌধুরী, বুশরা বেহরোজ, সিরাজুম মুনিরা এবং তৌহিদুর রহমান। চারজনই বুয়েটের শেষ বর্ষের শিক্ষার্থী। যাফির পড়ছেন তড়িতকৌশল বিভাগে, বুশরা কেমিকৌশলের ছাত্রী, মুনিরা পড়ছেন যন্ত্রকৌশলে, আর তৌহিদ বুয়েটের নৌযান কৌশল বিভাগের ছাত্র।
বনানীর ‘ফুড রিপাবলিক’ রেস্তোরাঁর একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে এই মজার সেলফি তোলা যাবে। খাবার ‘অর্ডার’ করে যেন অলস বসে থাকতে না হয়, সে ব্যবস্থাও করেছেন এই তরুণেরা। তৈরি করেছেন একটি গেম। খাবার টেবিলের ওপর ম্যাটে থাকা কিউ আর কোড স্ক্যান করলেই খেলা শুরু হবে। আর নির্দিষ্ট লক্ষ্যে ছুড়ে মারতে হবে বার্গার।
যাফির শাফিঈ চৌধুরী বলেন, ‘এখন অগম্যান্টেড রিয়েলিটির যুগ। নিনটেনডোর বানানো পোকেমন গো যেমন এই পদ্ধতি ব্যবহার করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আমরাও পরীক্ষামূলক ভাবে শুরুতে এই অ্যাপ আর গেম তৈরি করেছি। সামনে আরও উন্নত কিছু তৈরি করতে চাই।’

বুশরা বেহরোজের বক্তব্য, ‘রেস্তোরাঁয় গিয়ে ভোজনরসিকরা খাবারের জন্য অপেক্ষার সময়টা যেন আনন্দে কাটাতে পারেন, সে জন্যই এই অ্যাপ।’
বুয়েটের এই তরুণ শিক্ষার্থীরা জানালেন, একটি প্রতিযোগিতার অংশ হিসেবে তারা এই অ্যাপ তৈরি করেছেন। এখন এটি রেস্তোরাঁর প্রচারণার কাজে আসছে। ফুড রিপাবলিক রেস্তোরাঁর ‘হ্যাটট্রিক মিল অফার’ নিলে যে কেউ এই গেম খেলতে পারবেন।