খেলতে খেলতেই শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল সেইন্টসে সব শিশুই পাবে পরিপূর্ণ যত্ন। ছবি: নকশা
অল সেইন্টসে সব শিশুই পাবে পরিপূর্ণ যত্ন। ছবি: নকশা

‘কর্মজীবী মা-বাবার সন্তানেরা বাড়িতে থাকে একা। অনেকে বেড়ে ওঠে গৃহকর্মীর কাছেই। এ নিয়ে তাই দুশ্চিন্তায় থাকেন বাবা-মা। সে কী শিখছে বা খাচ্ছে, এটা তার বেড়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট শিশুদের শুরুতেই যদি ঠিকপথে চালানো যায়, তাহলে বড় হয়ে তাদের ভুল পথে পা দেওয়ার আশঙ্কা কমে যাবে।’ সংগীতশিল্পী এস আই টুটুলের কাছ থেকে শিশুদের নিয়ে এই কথা শুনতে শুনতেই ঘুরে দেখছিলাম তাঁর শিক্ষা ক্লাবটা।
দুই থেকে ১০ বছরের শিশুদের জন্য ‘অল সেইন্টস’ নামের এই প্রি-স্কুল এবং ডে কেয়ার সেন্টার গড়ে তুলেছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া।
শিশুদের মধ্যে ঋষিসুলভ আচরণ ফুটিয়ে তুলতেই নাকি এমন নাম। ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ সি রোডের ৩ নম্বর বাড়িতে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। এখন শিশুদের ভর্তি চলছে। ১ অক্টোবর থেকে পরিপূর্ণভাবে চালু হবে এটি। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে শিশুদের নির্ভাবনায় রেখে কাজে যেতে পারবেন অভিভাবকেরা। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এস আই টুটুল বলেন, ‘শিশুরা হচ্ছে নরম কাদার মতো। ছোটবেলায় তারা যা শিখবে, সেভাবেই গড়ে উঠবে তাদের মনুষ্যত্ব। অল সেইন্টসে তাই সব ধরনের ভালো বিষয় সম্বন্ধে জানতে জানতেই বেড়ে উঠবে একটা শিশু। একটা শিশুকে আমরা খেলার ছলেই ভালো-মন্দ, জীবন বা জগৎ সম্বন্ধে ধারণা দেব।’
প্রতি পাঁচজন শিশুর জন্য থাকছেন দুজন করে দক্ষ শিক্ষক। জরুরি প্রয়োজনে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসকেরা সেবা দেবেন এই শিশুদের। সপ্তাহে পাঁচ দিন ডে কেয়ার, প্রাক-বিদ্যালয় (প্রি-স্কুল) ও চিলড্রেনস এডুকেশন ক্লাবে শিশুরা শিখবে নানা বিষয়ে। সন্তান লালন-পালন, প্রি-স্কুলের মাধ্যমে হাঁটা, কথা বলা, ফুল-পাখি চেনাসহ নানা বিষয় এবং চিলড্রেনস ক্লাবের মাধ্যমে বাচ্চাদের নাচ, গান, অভিনয়, কথা বলা, খেলাধুলা ইত্যাদি বিষয়ে শেখা যাবে। এই ক্লাবের মাধ্যমে তাদের খুব কাছ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে দেশের খ্যাতিমান ব্যক্তিদের। বাচ্চাদের উপযোগী করেই পুরো বাড়ি সাজানো হয়েছে। দেয়ালে আঁকা গাছের সঙ্গে তাক বানিয়ে সেখানে রাখা আছে বই। জ্ঞানবৃক্ষ নামের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারবে শিশুরা। এক পাশে খোলা ছাদে দাঁড়িয়ে শিশুদের বৃষ্টি বা জ্যোৎস্না উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে।

অল সেইন্টসে সব শিশুই পাবে পরিপূর্ণ যত্ন। ছবি: নকশা
অল সেইন্টসে সব শিশুই পাবে পরিপূর্ণ যত্ন। ছবি: নকশা


যেসব বাচ্চা স্কুলে যায়, তাদের স্কুলের পড়া তৈরি বাড়ির কাজ, হস্তশিল্পের কাজ, সঠিক বাংলা বা ইংরেজিতে কথা বলতে শেখাবেন শিক্ষকেরা। পুরো বাড়ি সিসি ক্যামেরার আওতায় থাকবে।চাইলে অভিভাবকেরা ইন্টারনেটের মাধ্যমে বাচ্চার সারা দিনের কাজগুলো দেখতে পারবেন। প্রতিদিনের একটি রিপোর্ট কার্ড বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে। সর্বোচ্চ ৩০ থেকে ৪০ জন শিশু ভর্তি করা হবে এখানে।
প্রতিষ্ঠানটির পরিচালক ও পরামর্শদাতা হিসেবে আছেন স্টিফেন পোল্যান্ড ও বরকাতুন পোল্যান্ড। অল সেইন্টসের চেয়ারপারসন কণা রেজা, পরিচালক নাজনীন হাসান খান, উপদেষ্টা ফেরদৌস আযম খান, তানভীর নেওয়াজ খান, মোমিনুল ইসলামসহ আরও অনেকে।