খেলনা বাঘিনীর কল্যাণে সুস্থ তিন শাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাঘিনীটি গত মাসে শেষনিশ্বাস ত্যাগ করেছে। রেখে গেছে তিনটি শাবক। তারা মা হারিয়ে শোকাহত। ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বান্ধবগড় টাইগার রিজার্ভ রাষ্ট্রীয় উদ্যান।
ওই এতিম শাবকগুলোর সেবাযত্ন করতে পার্কটির কর্মীরা নানা রকমের উদ্যোগ নিয়েছেন। তাঁরা একটি খেলনা বাঘিনী ব্যবহার করছেন। এর ভেতরে দুধের বোতল ভরে রেখেছেন। সেখান থেকে শাবকগুলো আনন্দের সঙ্গেই দুধ পান করছে। পার্কের মাঠ পরিচালক মৃদুল পাঠক বলেন, প্রথমে তাঁরা ছাগলের দুধ দিতে চেয়েছিলেন। কিন্তু বাঘের শাবকগুলো মানুষজনের উপস্থিতি অপছন্দ করছে। তারা কর্মীদের কাছ থেকে দুধ পান করতে নারাজ। তবে
এখন তারা খেলনা বাঘিনীর শরীরে জুড়ে দেওয়া কৃত্রিম স্তনবৃন্ত থেকে দুধ পান করছে। এই কয় দিনে তাদের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।
বন বিভাগের কর্মীরা বাঘের শাবকগুলোর বাসস্থানের ভেতরেই একটি বিশেষ বেষ্টনী করে দিয়েছেন। এর ভেতরে প্রাকৃতিক পরিবেশের আদলে ডালপালা, ঘাস ও বালু ব্যবহার করা হয়েছে। মৃদুল পাঠক বলেন, তাঁরা খেলনা বাঘিনীর শরীরে প্রয়াত বাঘিনীর মল এবং ঘাস ঘষে দিয়েছেন—যাতে শাবকগুলো নিজেদের সত্যিকারের মায়ের উপস্থিতি অনুভব করে।

বাঘিনীর মরদেহ গত জানুয়ারিতে একটি নদীর ধারে পাওয়া যায়। এ সময় শাবকগুলোর অবস্থা আশঙ্কাজনক ছিল। ধারণা করা হচ্ছে, কোনো বৈদ্যুতিক তারে জড়িয়ে বাঘিনীর মৃত্যু হয়। ঘটনাটির তদন্ত চলছে। বন বিভাগের কর্মীরা দ্রুত শাবকগুলোর পরিচর্যা শুরু করেছিলেন। তারা পানিশূন্যতায় আক্রান্ত হয়েছিল।

ভারতে বিশ্বের মোট বাঘের অর্ধেকের বেশি বসবাস করে। দেশটির বিভিন্ন অভয়ারণ্যে ২ হাজার ২০০–র বেশি বাঘ ঘুরে বেড়াচ্ছে। এটা ২০১৪ সালের বাঘশুমারির তথ্য। দেশটিতে গত বছর অন্তত ৯৮টি বাঘের মৃত্যু হয়। চোরা-শিকারিরা আক্রমণ করে অনেক বাঘ মেরে ফেলছে।