খেলবেন নাকি ক্রিকেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী বলে ক্রিকেট খেলা থেমে থাকবে কেন?
শারীরিক প্রতিবন্ধী বলে ক্রিকেট খেলা থেমে থাকবে কেন?

হাত ও পায়ে সমস্যা নিয়েও নিয়মিত ক্রিকেট খেলছেন মজনু। পূরণ করে চলেছেন মায়ের স্বপ্ন। গত বছরের ছুটির দিনে ৭ মার্চ সংখ্যায় ‘আমরাও ক্রিকেটার’ শিরোনামের লেখায় প্রকাশিত হয়েছিল শারীরিক প্রতিবন্ধী মজনুর কথা। এমন অসংখ্য মজনু ছড়িয়ে-ছিটিয়ে আছেন নিশ্চয়।

শরীরে সমস্যা, ঠিকমতো হয়তো হাঁটতে বা চলতে-ফিরতে পারেন না কিন্তু বুকের মধ্যে পুষে রেখেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন! এমন অধরা স্বপ্নটা এবার হাতের মুঠোয় পোরার সময় হয়ে এল। কারণ, এমন স্বপ্নবানদের খুঁজে বের করতেই আয়োজন করা হয়েছে ‘প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৬ ’।

শুধু শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের খুঁজে বের করতেই যৌথভাবে এই আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আগামী ৩-৫ মে সাভারের বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে খুঁজে বের করা হবে এসব ক্রিকেটারকে। গঠন করা হবে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।

আগ্রহী শারীরিক প্রতিবন্ধীরা চাইলেই নামতে পারেন দেশসেরা ক্রিকেটার হওয়ার যুদ্ধে। এ জন্য করতে হবে ছোট্ট কয়েকটি কাজ। যেমন ২৭ এপ্রিলের মধ্যে ০১৭৩০৭৩৬৩১৭ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে হবে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর।

রেজিস্ট্রেশনের পর আগামী ৩ মে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্রের কপি ও নিবন্ধন নম্বর নিয়ে সাভারের বিকেএসপি ক্রিকেট ট্রেনিং গ্রাউন্ডে যেতে হবে। সেখানে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিসিবি ও বিকেএসপির কোচ ও চিকিত্সক দ্বারা ক্রিকেট খেলার সক্ষমতা যাচাই-বাছাই এবং মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর আগ্রহী অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৪০ জনকে নির্বাচন করা হবে। খেলোয়াড় নির্বাচনপ্রক্রিয়া শেষ হওয়ার পর ৫ মে তাঁদের নিয়ে বিকেএসপিতেই আয়োজকদের খরচে ৪৫ দিনের এক ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।

অংশ নেওয়ার আগে

ক্রিকেট সম্পর্কে সম্যক জ্ঞান ও ক্রিকেট খেলায় পারদর্শী হতে হবে (ক্রিকেট বলে খেলার অভিজ্ঞতা থাকতে হবে)। দৃশ্যমান শারীরিক প্রতিবন্ধিতা থাকতে হবে। তবে, বুদ্ধিপ্রতিবন্ধী, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী, মাইনর অ্যামপুটেশন, হাড় ভাঙা, হুইলচেয়ার ব্যবহারকারীদের এ কর্মসূচিতে অংশ নিতে নিরুৎসাহিত করছেন আয়োজকেরা।

আইসিআরসির শারীরিক প্রতিবন্ধীদের

জন্য পুনর্বাসন প্রকল্প ২০১৩ সাল থেকে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির সহায়তায় প্রতিবন্ধীদের খেলাধুলার মাধ্যমে

সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ

করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের সেপ্টেম্বরে দেশে প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি পাঁচ জাতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবারের দলের জন্যও অপেক্ষা করছে এমন সব আয়োজন।