খেলা বন্ধ, পড়তে বস এখনই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উফফ, জারিফ, তুমি এখনো ভিডিও গেম খেলছ? যাও, এক্ষুনি পড়তে বস।’ মায়ের বকুনি খেয়ে খুব বিরক্ত হয়ে জারিফ পড়ার টেবিলে বসলেও মা ইসমাত আরার কপালে চিন্তার ভাঁজগুলো রয়েই গেল। স্কুল থেকে এসেই হাত-মুখ না ধুয়ে ট্যাবে গেম বা ভিডিও গেম নিয়ে বসে যায় ১২ বছরের জারিফ। খেলায় এমনই মগ্ন থাকে যে দুপুরের খাবার খাওয়ার কথা পর্যন্ত তার মনে থাকে না। খেতে বললে কোনো রকমে খেয়ে আবার ট্যাব, ভিডিও গেম বা ল্যাপটপ নিয়ে বসে। শহুরে শিশুদের বিনোদনের একটা বড় মাধ্যম হলো টেলিভিশন, ভিডিও গেম, ল্যাপটপ, ডিভিডি ও স্মার্টফোন। বিনোদনের মাধ্যম হিসেবে যে সময়টুকু শিশু-কিশোররা এই যন্ত্রগুলোর সঙ্গে ব্যয় করে, মনোবিজ্ঞানের ভাষায় তাকে ‘স্ক্রিন টাইম’ বলে।

বিনোদন যখন আসক্তি
‘স্ক্রিন টাইম’-এর পর্যাপ্ত ব্যবহার শিশু-কিশোরের মানসিক বিকাশে সহায়তা করলেও এতে আসক্তি ডেকে আনে নানা সমস্যা। যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষক দল ১ হাজার ৩০০ জন শিশু-কিশোরের ওপর গবেষণা করে দেখেন যে যন্ত্রগুলো যদি আসক্তির মাধ্যমে পরিণত হয়, তবে তারা শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে।
* স্কুলে ও বিভিন্ন কাজে প্রচণ্ড অমনোযোগী হয়ে ওঠা।
* উদ্ধত, জেদি ও বদরাগী হয়ে ওঠা।
* টানা একভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় দৃষ্টিশক্তি হ্রাস, মাথাব্যথা, ঘাড়ব্যথা, পিঠে ব্যথার সমস্যা।
* অনেক সময় অশ্লীল দৃশ্য বা বাক্য তাদের মানসিক বিকাশে বাধা দান করে।
* খাবারে অরুচি, নিদ্রাহীনতা ও সব কাজেই শিশু-কিশোরদের একধরনের অনীহা ও বিরক্তি প্রকাশ করা।

পরামর্শ
শিশু-কিশোররা তাদের বিনোদন মাধ্যমের প্রতি আসক্ত এটা বোঝার সঙ্গে সঙ্গেই বাবা-মায়ের এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহসিনা আক্তার।
* শিশুরা মা-বাবাকে অনুকরণ করে। তাই সন্তানের স্ক্রিন টাইম কমাতে প্রথমে মা-বাবার নিজেদের স্ক্রিন টাইম কমাতে হবে।
* সন্তানের খাওয়া, পড়া ও ঘুমের সময়ের রুটিন বানিয়ে ফেলুন এবং তাতে অভ্যস্ত করুন। সন্তান জেদ বা বেয়াদবি করলে তাকে বুঝিয়ে বলুন এবং হঠাৎ করে তার স্ক্রিন টাইম না কমিয়ে ধীরে ধীরে কমিয়ে তার অভ্যস্ততা বাড়ান।
* খেলাধুলা, আত্মীয় বা দর্শনীয় স্থান বেড়ানো, স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, পরিবারকে সময় দেওয়া, স্কুল ও বন্ধুবান্ধবের গল্প করা, একসঙ্গে রাতের খাবার খাওয়া ইত্যাদি কাজে তাকে অনুপ্রাণিত ও অভ্যস্ত করাতে হবে।
* অনেক মায়েরাই শিশুকে টেলিভিশনের সামনে বসিয়ে তাকে ব্যস্ত রাখেন এবং সেই ফাঁকে ঘরের বা অফিসের কাজ সেরে নেন। এটি থেকে বিরত থাকতে হবে।