খেলাঘরের ৫০০তম সাহিত্য বাসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৫২ সালের ২ নভেম্বর দৈনিক সংবাদ-এর সাহিত্য পাতার মাধ্যমে জন্ম খেলাঘরের। সেই খেলাঘর আজ আয়োজন করেছে ৫০০তম সাহিত্য বাসর অনুষ্ঠান। দেশের নামকরা প্রায় সব লেখক-সাহিত্যিক কোনো না কোনোভাবে সাহিত্য বাসরের সঙ্গে সম্পৃক্ত।’ খেলাঘরের ৫০০তম সাহিত্য বাসরে বক্তারা এসব কথা বলেন। গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম গণগ্রন্থাগারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি অসীম সাহা, অঞ্জনা সাহা, আসলাম সানী, কাজী দিনার সুলতানা, এম আর মঞ্জু। শুভেচ্ছা বক্তব্য দেন রথীন সেন, কোহিনূর ইসলাম, অরুণ সেন, জসিম উদ্দিন। বক্তারা আরও বলেন, ‘শিশু-কিশোর সংগঠন হিসেবে একমাত্র খেলাঘর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কুমিল্লায় পাক-হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখসমরে শহীদ হয় নবম শ্রেণীর ছাত্র সাউদ।’ সাহিত্য বাসরে কবিতা পড়েন ওমর কায়সার, নাজিমুদ্দীন শ্যামল, আকতার হোসেন প্রমুখ। চট্টগ্রামের আঞ্চলিক ছড়া পড়েন উত্পল কান্তি বড়ুয়া। ছড়াগান করেন কাজী দিনার সুলতানা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বীর পুরুষ’ আবৃত্তি করেন মিলি চৌধুরী। নিজের লেখা কবিতা ‘আলোক লতা’ পড়ে শোনান অঞ্জনা সাহা। কবি কামরুল হাসান বাদল শিশুদের উদ্দেশে বলেন, ৬০০ কোটি মানুষের পৃথিবীতে ৬০ কোটি মানুষ কিছু না খেয়ে থাকছে। আমরা তোমাদের জন্য এমন একটি বিশ্ব চাই যেখানে ক্ষুধা-দারিদ্র্য থাকবে না।’ কবি অসীম সাহা পড়েন—দুটি কবিতা ‘হবেই হবে সোনার স্বদেশ’ ও ‘বদলে দেবে এই পৃথিবী’। ঢাকার আঞ্চলিক ছড়া ও রবীন্দ্রনাথের সুরে বাংলা চলচ্চিত্রের গান করেন আসলাম সানী। সমাপনী বক্তব্যে গাজী সালাউদ্দিন বলেন, ‘আগের দিনে জমিদারেরা যেমন লাঠিয়াল বাহিনী পুষত বর্তমানে একটি শ্রেণী নিজের দোষ ঢাকার জন্য গণমাধ্যম দখল করে আছেন। তাঁদের টেলিভিশন চ্যানেলে দেশীয় ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়।’