>

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শুধু মাঠের খেলায়ই নয়, মাঠের বাইরের শচীনও ব্যবহার, বিনয়ে অনুকরণীয়। ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার ২০১৪ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ৫০তম ‘স্পোর্টস মিট’ উপলক্ষে বক্তব্য দিয়েছেন। বলেছেন, মানুষের জীবনে খেলাধুলার গুরুত্বের কথা।
মঞ্চে দাঁড়িয়ে কথা বলার চেয়ে দর্শকসারিতে বসে কথা শুনতেই আমার ভালো লাগে। আরও ভালো লাগত, যদি তোমরা আমাকে মাইক্রোফোনের সামনে না দাঁড় করিয়ে একটা ব্যাট হাতে ধরিয়ে দিয়ে তোমাদের সঙ্গে খেলার সুযোগ করে দিতে। নিশ্চয়ই সেটা আরও রোমাঞ্চকর হতো!
এই টুর্নামেন্টে খেলতে তোমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। আমার উপদেশ...ভুল বললাম, উপদেশ ঠিক না। উপদেশ দেওয়ার মতো বুড়ো এখনো হইনি। বরং বলি, তোমাদের প্রতি আমার বার্তাটা হলো—সাহসের সঙ্গে লড়ে যাও। ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্কুলজীবনে ক্রিকেট থেকেই শিখেছি, কোনো প্রতিযোগিতায় নামার আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে পরিকল্পনা করতে হয় আর কীভাবে সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হয়।
বিপক্ষ দল এবং নিজের দলের খেলোয়াড়দের সম্মান করা খুব জরুরি। আমি জানি সবাই এখানে জিততে এসেছে। সবাই জয়ী হবে না। কিন্তু তুমি নিশ্চয়ই সবার হৃদয় জিতে নিতে পারো। হৃদয় জেতার সঙ্গে খেলায় হারজিতের সম্পর্ক নেই।
আমার ক্যারিয়ারে আমি কিছু ম্যাচ জিতেছি, কিছু ম্যাচ হেরেছি। পরাজয় আমাকে শিখিয়েছে, কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়। তাই তোমাদের জন্য আমার বার্তা—প্রতিযোগিতার মধ্যে থাকো, উদ্যমের সঙ্গে লড়ে যাও।
উদ্যম প্রসঙ্গে বলতে গেলে স্কুলের কথা মনে পড়ে। যখন আমি পড়ালেখা করতাম, ক্রিকেটও খেলতাম। খেলার ক্ষেত্রে যেটা হতো—সন্ধ্যা হয়ে যেত; নেটের বাইরে আমার কোচ অপেক্ষা করতেন, কখন আমার অনুশীলন শেষ হবে। ক্লাসরুমে হতো উল্টোটা। আমি অপেক্ষা করতাম, কখন টিচার ক্লাস শেষ করবেন আর আমি মাঠে খেলতে যাব। আমার কাছে এটাই উদ্যম। ঘণ্টার পর ঘণ্টা খেলতাম, কিন্তু কখনোই ক্লান্ত বোধ করতাম না। অথচ বাড়ি ফিরে এত ক্লান্ত লাগত, ঠিকমতো রাতের খাবার না খেয়েই শুয়ে পড়তাম। আন্টি আমাকে ঘুমের মধ্যেই খাইয়ে দিতেন, যেন পরদিন মাঠে খেলার শক্তিটা পাই।
আমার বিশ্বাস অনেক বাধা পেরিয়েই তোমরা আজকের অবস্থানে পৌঁছেছ। উদ্যম ধরে রেখে স্বপ্নের পেছন ছুটতে থাকো। আমরা অনেক সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাই। পেছনে তাকিয়ে ভাবি, কিছুই তো পেলাম না। ভুলে যেয়ো না, সাফল্য কিন্তু পেছনে নয়, সামনে থাকে। তাই সামনের দিকে তাকিয়ে উদ্যমের সঙ্গে পরিশ্রম করে যাও। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ খুঁজে নাও।
আমি মনে করি খেলাধুলা সবার জন্য। স্কুলজীবনের শুরু থেকেই মাঠে যাওয়া উচিত, খেলা উচিত। পুরো জাতিকে খেলোয়াড় বানানোর কথা বলছি না। আমি বলছি সুস্থ থাকার কথা। কিছুদিন আগে পড়লাম, ভারতে ছয় কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এমন রেকর্ড আমাদের গর্বিত করে না। আমরা এই রেকর্ড বদলে ফেলতে চাই। খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলেমেয়েকে দেখি আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে তো হবে না। এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত। কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখও দেয়। আমরা পুরো জাতি খেলোয়াড় হতে পারব না। কিন্তু একটা সুখী জাতি তো আমরা হতেই পারি।
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ, সূত্র: অনুষ্ঠানের ভিডিও