খেলাধুলার ১২ মাস
অস্তগামী এ বছরে খেলাধুলার মাঠ ছিল সরগরম। বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ‘নির্দয়’ ধবল ধোলাই, যা কিনা আবার ‘বাংলাওয়াশ’ নামে খ্যাত। বছরব্যাপী সরগরম এই মাঠের খবরগুলোর মধ্যে আলোচিত কিছু বিষয় ফের মনে করিয়ে দিলেন রাজীব হাসানবাংলাওয়াশবাজারে কত শত ডিটারজেন্ট পাউডার! কত না তার বাহার! এখন শুধু E=mc2 ফর্মুলা দিয়ে ডিটারজেন্ট বানানো বাকি! সব মূর্খের দল। সবচেয়ে ভালো ওয়াশটা দিতে জানে বাংলার দামাল ছেলেরা (ক্রিকেটাররা জিতলেই কেন ‘দামাল ছেলে’ হয়ে যায় কে জানে!)। নিউজিল্যান্ডের জার্সির রংটা এমনিতেই ঘুরঘুট্টি কালো। তাদের ‘হোয়াইট’ওয়াশ করা কি আর চাট্টিখানি কথা! নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সেই ধবল ধোলাইটাই দিল টাইগাররা!বাংলাদেশের ক্রিকেট দলের প্রতীক হিসেবে টাইগার, মানে বাঘের ব্যবহার এখন হরহামেশাই হচ্ছে। বাঘের সংখ্যা কমলেও শেষ পর্যন্ত বিলুপ্ত হবে না সেই নিশ্চয়তা অন্তত এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে। সুন্দরবনে আর না থাকুক, মিরপুর স্টেডিয়ামে কিছু বাঘ তো পাওয়া যাবে। সে যা-ই হোক, এ লেখা তো আর ‘বিপন্ন প্রাণী ও আমাদের করণীয়’ শীর্ষক অভিসন্দর্ভ নয়। বাঘের প্রসঙ্গ এল অন্য কারণে। নিউজিল্যান্ড দলটাকে আবার বলা হয় কিউই। অসহায় এক পাখি। যে পাখি কিনা উড়তে পারে না, সেই পাখির সঙ্গে বাঘের লড়াই কে ঠিক করল, সেই নির্দয় লোকটাকেই আগে খুঁজে বের করা দরকার। অবশ্য আমরা সবাই অতটা নির্দয় নই। সিরিজে পাঁচটা ম্যাচ ছিল। মেঘ-দেবতাকে পটিয়ে-পাটিয়ে একদিন আমরা বৃষ্টি নামালাম। একটা ম্যাচ বাতিল হয়ে গেল। বলতে পারেন, আরেকটি নিশ্চিত পরাজয়ের হাত থেকে নিউজিল্যান্ড দলকে আমরা বাঁচালাম।দিও গো ম্যারাডোনাবিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাওয়াশের খবর নিশ্চয়ই পৌঁছে গেছে। কিন্তু বারাক ওবামা সেই খবর মনোযোগ দিয়ে পড়েছেন এতটা আশা করা বাতুলতা। তবে ফুটবল-বিমুখ মার্কিন দেশের হর্তাকর্তা হয়েও বিশ্বকাপের সময় প্রেসিডেন্ট ওবামা রোজ ম্যারাডোনার খবর পড়েছেন, এ ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন। ম্যারাডোনার খবর থেকে চোখ সরিয়ে নেয় এমন বেরসিক বসত করে কয় জনা!বিশ্বকাপে ম্যারাডোনা কী কাণ্ডটা যে করে বসেন, এ নিয়ে কারও কারও মনে ছিল আশঙ্কা, কারও কারও মনে উত্তেজনা। ম্যারাডোনা নিজে নাকি কথা দিয়েছিলেন, বিশ্বকাপ জিতলে বুয়েনস এইরেসের রাস্তায় একটা ঝেড়ে দৌড় লাগাবেন। তখন তাঁর পরনে থাকবে জন্মদিনের পোশাক। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সত্যি সত্যিই ম্যারাডোনা এমন কাণ্ড যে করতে না, আপনি বাজি ধরে বলতে রাজি আছেন?শেষ পর্যন্ত পৃথিবীবাসীকে এই মর্ত্যের সর্বকালের সেরা ফুটবলারটিকে জন্মদিনের পোশাকে দৌড়ানোর ছবিটা দেখতে হয়নি। তাঁর শিষ্যরা সেটা চাননি। সবচেয়ে বেশি চায়নি জার্মানি দলটা। সব ল্যাঠা তারা চুকিয়ে দিয়েছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্ব থেকে শেষ দিন পর্যন্ত আলোচনার তুঙ্গে ছিলেন ম্যারাডোনা। প্রথম দিকে অবশ্য একটু ভড়কে যেতে হয়েছে। কোচের ডাগআউটে দেখা মিলল যে শান্ত-স্থির লোকটির, তিনি আর যেই হোন, ম্যারাডোনা নন। কিন্তু এভাবে নিজের আবেগের স্রোতে কতক্ষণ আর বাঁধ দিয়ে রাখবেন! যেই একটা গোল হলো, ওমনি বেরিয়ে পড়ল আসল ম্যারাডোনা।সত্যি বলতে কি, ম্যারাডোনা এখনো আলোচনায়। এ লেখা যখন লিখছি, তখন খবর এল, আর্জেন্টাইন দৈনিক ক্লারিনকে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। তাতে পুরোনো ‘শত্রু’ বিলার্দো-গ্রন্দোনা-বাতিস্তাকে তো ধুয়েছেনই, ও হরি, ম্যারাডোনার কথার তীরে বিদ্ধ তাঁর বন্ধু বলে পরিচিত রুগেরিও!ম্যারাডোনা এভাবেই থাকুন। শিশুর সারল্য নিয়ে। কূটনীতি আর তথাকথিত ভদ্রতাবোধকে বুড়ো আঙুল দেখিয়ে। রোজ রোজ জন্ম দিন অজস্র খবর-বেখবরের।মানিকজোড়বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা সম্ভবত ম্যারাডোনাও নন। মেসি, ইনিয়েস্তারাও না। বিশ্বকাপের সবচেয়ে বড় তারকার নাম পল দ্য অক্টোপাস। ‘আরেকজন’ তারকা আছে। মিস্টার ভুভুজেলা। একজন অবলা। আরেকজন শব্দ-ত্রাস। ভাগ্য ভালো, অক্টোপাসের আয়ুষ্কাল খুবই কম। পলও মাত্র বছর আড়াই ছিল এই ধরাধামে। আরও বেশি দিন বাঁচলে কী হতো কে জানে! তবে এই কয়েক দিনে যতটা সুখ্যাতি সে কুড়িয়েছে, স্বর্গে গিয়ে নস্ত্রাদামুসের সঙ্গে নিশ্চয়ই একটা ঝামেলা বেধে গিয়েছে তার। এক ঘর মে দো পীর নৈব চ নৈব চ। পল বরং বুক ফুলিয়ে নস্ত্রাদামুসকে বলতে পারে, ‘দাদু, অনেক হলো, এবার রিটায়ার করুন।’