এক বছরেই খেলাপি ঋণ ছাড়িয়েছে ১১ হাজার কোটি টাকা। বড় ব্যবসায়ীরা টাকা নিয়ে আর ফিরিয়ে দিচ্ছেন না। এতে করে দুর্বল হয়ে পড়ছে ব্যাংকগুলো! এমন অবস্থায় টাকা উদ্ধারের কিছু উপায় ভেবেছেন শাত শামীম, এঁকেছেন রাকিব রাজ্জাক
প্রথমেই ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে তিন বেলা গ্লুকোজ স্যালাইন দিতে হবে!
যে ব্যবসায়ী টাকা দেবেন না, তাঁর বাসায় ব্যাংকের একটা নতুন শাখা খুলে দিলে অন্তত ব্যাংকের অফিস ভাড়া বাঁচবে।
ঋণখেলাপি দেখি ব্যাংকের মালিক হইয়া গেছে, লুল!
ছোট ব্যবসায়ী বা স্বল্প আয়ের মানুষদের মধ্যে ঋণখেলাপিদের নিয়ে আগ্রহ আছে। ঋণখেলাপিদের নিয়ে একটা ঋণখেলাপি মেলা আয়োজন করতে পারে ব্যাংকগুলো। টিকিট কেটে দর্শক এদের দেখবে, খেলাপি হওয়ার টিপস নেবে, সেলফি তুলবে। আর ব্যাংকগুলো টিকিট বিক্রি থেকে টাকা উদ্ধার করবে।
ও মা, এটা কী! ঋণখেলাপিরা দেখি মানুষ! ফাউ টিকিট কাটলাম কোন আনন্দে!
যেহেতু ব্যবসায়ীরা টাকার অভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, ব্যাংকগুলো খেলাপিদের নামে মোড়ে মোড়ে দানবাক্স বসাতে পারে!