খেলাপি কর আদায়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পৌর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করখেলাপি ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে খেলাপি ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ, সার্টিফিকেট মামলা দায়ের ও ক্রোকি পরোয়ানা জারি। পৌর পরিষদের চলতি মাসের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, রাঙামাটি শহরে অনেক করখেলাপি আছেন, যাঁদের বড় স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, অথচ কর দেন না। ওসব করখেলাপি ব্যক্তির কাছে পৌর কর্তৃপক্ষ প্রতিবছর করের বিল দিয়ে আসছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা তা উপেক্ষা করছেন। এ কারণে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিচ্ছে এবং দাতা সংস্থাগুলোর অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র জানায়, এ অবস্থায় খেলাপি কর আদায়ে পৌরসভা কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর পরিষদ প্রাথমিকভাবে ৮৬জন শীর্ষ করখেলাপির নামসংবলিত পোস্টার শহরের বিভিন্ন স্থানে সাঁটানোর প্রস্তুতি নিয়েছে। এসব ব্যক্তির কাছে এক লাখ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত কর অনাদায়ি রয়েছে।
মেয়র জানান, বকেয়া পৌরকর আদায়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ এবং খেলাপি কর আদায়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রচারের পরও অনেকে কর পরিশোধ করেননি। তাই জনগণের সামনে তাঁদের নাম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরও কর পরিশোধ করা না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সার্টিফিকেট মামলা ও ক্রোকি পরোয়ানা জারির মতো পদক্ষেপ নেওয়া হবে।