বিশ্বকাপ ক্রিকেটের নানা বিষয় নিয়ে আড্ডা জমাতে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় অন্য রকম এ আয়োজন নিয়ে লিখেছেন পিংকী চৌধুরী ও শুভাশীষ পালসরকারি মুসলিম উচ্চবিদ্যালয়সঞ্চালক সবাইকে সম্মত করালেন, ‘প্রশ্নের উত্তর জানা থাকলে হাত তুলবে, ভুলেও কেউ মুখে বলে দেবে না।’ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে? অবাক কাণ্ড! মুহূর্তকাল আগের প্রতিশ্রুতি ভুলে গেল ছাত্ররা। গর্জে উঠল বিদ্যালয় মিলনায়তন—‘সাকিব আল হাসান, সাকিব, সাকিব!’ ২৪ জানুয়ারি সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে বিশ্বকাপের আনন্দে এভাবে মেতে ওঠে ছাত্ররা।বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’ শিরোনামের কুইজ প্রতিযোগিতা শুরু হয় সাড়ে ১০টায়। বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সঞ্চালনে জমজমাট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ, বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও সদস্য তুষার রুবেল। গান, কথা আর আবৃত্তিতে প্রাণবন্ত ছিল পুরো অনুষ্ঠান। সহজ-কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ছাত্ররা পুরস্কার জিতে নিয়েছে। ফাঁকে ফাঁকে প্রথম আলোর কার্যক্রম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দেখে তারা বদলে যাওয়ার শপথ নিয়েছে।সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ বলেন, ‘প্রথম আলোর এই আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রমী, প্রতিটি বিদ্যালয়ে এ আয়োজন করা গেলে শিক্ষার্থীরা বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানবে।’ প্রথম আলোর থিম সং ‘মাতৃভূমি, মাগো তুমি আমায় করো ক্ষমা’ গানটি যখন প্রদর্শিত হচ্ছিল তখন মঞ্চে উঠে যায় আরিফুল ইসলাম। ছলছল চোখে দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকার করে। জাভেদ হোসেন বলে, ‘শহরটাকে সুন্দর রাখতে হবে, আমাদের সবাইকে সেই চেষ্টা করতে হবে।’ তিনটি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট ব্যাট জিতে নেয় শাহরিয়ার সিফাত। সহযোগিতার জন্য প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দারকে ধন্যবাদ জানিয়ে শেষ হয় আনন্দ-আয়োজন। সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়প্রশ্ন আর উত্তরের ফুলঝুরি চলছেই। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের র্যাাঙ্কিং কত? হাত তুলেছে অনেকে, কিন্তু সঠিক উত্তরটা পাওয়া গেল তৃতীয় জনের কাছ থেকে। উত্তর—আট। আর তাতে করতালির ঢেউ উঠল মিলনায়তনজুড়ে। আবার প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক কে? উত্তর দিতে প্রস্তুত কয়েক শ শিক্ষার্থী। বন্ধুসভার স্বেচ্ছাসেবকের হাতে থাকা মাইক্রোফোন চলে গেল একজনের হাতে। সে সঠিক উত্তরই দিল—গ্রায়েম স্মিথ। ২৪ জানুয়ারি সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ে প্রথম আলোর জানা-অজানার আনন্দ-আয়োজন জমে যায় শুরুতেই। অনুষ্ঠানে সহায়তা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মন্ত্রজয় ত্রিপুরা ও শিক্ষক তারেক হোসেন। বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের উপস্থাপনায় কুইজ প্রতিযোগিতা শুরু হয় দুপুর একটায়। কুইজের উত্তর ও পুরস্কার বিতরণের ফাঁকে চলে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে তারকা শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বদলে যাওয়ার গান করে ছাত্ররা। তারা মাদককে ‘না’ বলে, নারীকে উত্ত্যক্ত না করার শপথ নেয়। অনেক কথা, অনেক প্রশ্ন। এরপর গান হবে না?সঞ্চালকের এমন কথায় আর স্থির থাকতে পারে না নবম শ্রেণীর ছাত্র তূর্য দাশ। মঞ্চে এসে ‘সুবর্ণ তারুণ্য রূপসী রূপেতে অনন্য’ গেয়ে দেশের রূপের কথা বলে যায় সে সুরে সুরে। দেশকে শুধু মুখে ভালোবাসলে চলবে না, কিছু করার অঙ্গীকার নিয়ে পলাশ দত্ত বলে, ‘এ দেশটা আমার, উচ্চশিক্ষিত হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনব।’এর মধ্যে কুইজের একটি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট বল জিতে নেয় অ্যালেক্স। সুবীর বৈদ্য প্রথম আলোর কার্যক্রম সম্পর্কে বলতে চায়। সুযোগ দেওয়া হলে সে বলে, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয় আরও বেশি কিছু, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়। প্রথম আলো প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য।’ বিশ্বকাপ ক্রিকেটের সময় বখাটেপনা বা বিশৃঙ্খল আচরণ করা যাবে না—নিজের করণীয় সম্পর্কে বলল ফ্লেভিয়ান ভি কস্তা। তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাতে টান টান উত্তেজনা। সব প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট ব্যাট জিতে নেয় তন্ময় দাশ।